করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে শামিল হওয়ার ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। এবার চিকিৎসা কর্মীদের জন্য ‘ফেইস শিল্ড’ আনছে প্রতিষ্ঠানটি।
রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এক ভিডিও পোস্ট করে এ বিষয়টি জানান অ্যাপল প্রধান টিম কুক।
কুক বলেন, “অ্যাপলের অভ্যন্তরের টিমগুলো চিকিৎসা পেশায় নিয়োজিত প্রথম সারির বীরদের সমর্থন করার লক্ষ্যে কঠোর পরিশ্রম করছে”।
অ্যাপল নির্মিত ফেইস শিল্ডগুলো সংযোজন করতে দুই মিনিট সময় লাগে জানিয়ে কুক বলেছেন, “ডাক্তাররা খুবই ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। এ সপ্তাহের শেষ নাগাদ ১০ লাখ এবং এরপর থেকে প্রতি সপ্তাহে ১০ লাখ করে রপ্তানি করার পরিকল্পনা করেছি আমরা”।
ফেইস শিল্ডগুলো রপ্তানি করতে মার্কিন স্বাস্থ্য ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে কাজ চলছে বলেও জানিয়েছেন কুক। ফেইস শিল্ডের রপ্তানির পরিসর খুব দ্রুত যুক্তরাষ্ট্রের বাইরেও বাড়ানো সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অ্যাপল প্রধান।

