ফের বন্ড গার্ল হবেন মনিকা বেলুচ্চি




জেমস বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেকটার’র নাম ভূমিকায় অভিনয় করছেন ড্যানিয়েল ক্রেইগ। এই ছবিটিতে বন্ড গার্ল হয়েছেন ৫০ বছর বয়সী ইতালিয়ান অভিনেত্রী মনিকা বেলুচ্চি।
৫০ বছর বয়সী বন্ড গার্ল! বিষয়টি ভাবতেই পারেননি মনিকা। তিনি ভেবেছিলেন, বন্ড সিরিজের এম চরিত্রে বর্ষীয়ান অভিনেত্রী জুডি ডেঞ্চের স্থলাভিষিক্ত হতে যাচ্ছেন তিনি।
বেলুচ্চির মুখপাত্র গত বুধবার ভ্যারাইটিকে জানিয়েছেন, মনিকা আসলেই বন্ডের ২৫তম ছবিতে অভিনয় করছেন, এ গুজবের সত্যতা নিশ্চিত করেননি, আবার অস্বীকারও করেননি। বন্ডের পরবর্তী ছবি ২০১৯ সালে মুক্তি পাবে।
ড্যানিয়েল ক্রেইগ এর আগে জানিয়েছিলেন, এরপর আর কোনো বন্ড ছবিতে তিনি অভিনয় করবেন না। কিন্তু এ বছরের আগস্টে তিনি সিদ্ধান্ত পাল্টান। তিনি ঘোষণা দেন, পঞ্চমবারের মতো জেমস বন্ড হিসেবে অভিনয় করতে রাজি আছেন। রজার মুরের পর তিনিই দ্বিতীয় বন্ড অভিনেতা, যিনি এতবার জেমস বন্ড হিসেবে দর্শকদের সামনে এসেছেন।
গত মঙ্গলবার রোমে ভিরনা লিসি লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অনুষ্ঠানে সাংবাদিকরা এ গুজব সম্পর্কে জানতে চাইলে মনিকা উত্তর দেন, ‘আমি কিছুই বলতে পারছি না।’
গতানুগতিক ধারা থেকে বেরিয়ে ২০১৫ সালে মুক্তি পাওয়া স্পেকটার ছবিতে মনিকা একমাত্র বয়স্ক বন্ডগার্ল হিসেবে অভিনয় করেন। তখন তার বয়স ছিল ৫১ বছর। মূল চরিত্র জেমস বন্ড ওরফে ক্রেইগ থেকে মাত্র চার বছরের বড়। কিন্তু বন্ড গার্ল তকমাটা তার পছন্দ ছিল না। তিনি গার্ডিয়ান পত্রিকাকে বলেন, ‘আমি নিজেকে বন্ড গার্ল বলতে পারব না। কারণ এর জন্য আমার বয়স যথেষ্ট বেশি। তার চেয়ে বরং আমি নিজেকে বন্ড লেডি বা বন্ড উইম্যান বলতে চাই।’