বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে (ডব্লিউএইচও) ফেসবুকে বিনা মূল্যে বিজ্ঞাপন প্রচারের সুবিধা দেওয়া হয়েছে। করোনাভাইরাস সম্পর্কে সচেতন করতে এবং এ বিষয়ে যাতে মিথ্যা তথ্য না ছড়ানো ঠেকাতে এ ব্যবস্থা নিয়েছে সংস্থাটি।
ফেসবুকে এক পোস্টে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ জানান, করোনাভাইরাস সম্পর্কে ডব্লিউএইচওর কর্মসূচিতে অন্যান্য মাধ্যমের পাশাপাশি সহযোগিতা হিসেবে যত বিজ্ঞাপন প্রচারের প্রয়োজন, তা ফেসবুকের পক্ষ থেকে দেওয়া হবে। তিনি আরও জানান, এখন থেকে সামাজিক যোগাযোগমাধ্যমটিতে কোনো ব্যবহারকারী ভাইরাসটি সম্পর্কে অনুসন্ধান করলে পর্দায় পপ-আপ হিসেবে ডব্লিউএইচও বা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের ওয়েব ঠিকানা দেখাবে, যাতে সেখান থেকে সর্বশেষ তথ্য জেনে নেওয়া যায়।

