যুক্তরাষ্ট্রের ফোর্বস ম্যাগাজিনের ২০২০ সালের অনূর্ধ্ব-৩০ ক্যাটাগরিতে স্থান পেয়েছেন বাংলাদেশের দুই তরুণী। তারা হলেন ইশরাত করিম ও রাবা খান।
সামাজিক উদ্যোক্তাবিষয়ক ফোর্বসের ১০টি ক্যাটাগরিতে এ স্বীকৃতি পান তারা। এশিয়া-প্যাসিফিক অঞ্চল থেকে নির্বাচিত ৩০ তরুণ উদ্যোক্তার তালিকায় এই প্রথম একই বছরে স্থান পেয়েছেন বাংলাদেশের এই দুই তরুণী। রাবা খান ফোর্বস ম্যাগাজিনের প্রচ্ছদেও নিজের জায়গা করে নেন।
ইশরাত করিম দ্য আমাল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। রাবা খান দ্য ঝাকানাকা প্রজেক্টের উদ্যোক্তা, তরুণ ইউটিউবার, এন্টারটেইনার ও রেডিও উপস্থাপক।
এ বিষয়ে রাবা খান বলেন, ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে আমিই দেশের প্রথম ফিমেল কমেডিয়ান। ফলে অন্য কারও ক্যারিয়ার ট্র্যাক ফলো করার কোনো সুযোগ আমার ছিল না। ফলো করার মতো সামনে কেউ ছিল না। আমি এভাবেই টিভি শো করেছি। পরে রেডিও শো করেছি। ভবিষ্যতে টিভি এবং রেডিওতে আরও বেশি অনুষ্ঠান করতে চাই।
ইশরাত করিম বলেন, এটা খুব চমৎকার একটি ব্যাপার। তবে এ পুরস্কার আমার কাজের দায়িত্ব বাড়িয়ে দিল।

