বই বিক্রির জন্য মিথ্যাচার করছেন নওয়াজ: সাবেক প্রেমিকা




বলিউড তারকারা নিজেদের জীবনের জানা-অজানা কথা বায়োগ্রাফির মাধ্যমে ভক্তদের সামনে আনেন। কখনও কখনও সেই বই বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে আসে। নওয়াজউদ্দিন সিদ্দিকির বায়োগ্রাফি অ্যান অর্ডিনারি লাইফের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি।
অবশ্য বইটি এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। তবে একটি ওয়েবসাইটে বইয়ের কিছু অংশ সামনে আনা হয়েছে। মুম্বাইয়ে আসার পর প্রথম প্রেম থেকে বিয়ে, নওয়াজের ব্যক্তিগত জীবনের এসব বিষয় রয়েছে বইতে।
এবার নওয়াজের আত্মজীবনী মিথ্যায় ভরা বলে অভিযোগ করেছেন সুনীতা রাজওয়ার। যাঁর সঙ্গে নওয়াজের দীর্ঘ সম্পর্ক ছিল।
বইতে লেখা রয়েছে, ন্যাশনাল স্কুল অব ড্রামায় নাটক করতে গিয়ে সুনীতার সঙ্গে আলাপ হয় নওয়াজের। তারপর প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন তাঁরা। কিন্তু সে সম্পর্ক ভেঙে যাওয়ার পর অবসাদগ্রস্ত হয়ে পড়েন নওয়াজ। সুনীতা একজন স্ট্রাগলিং অভিনেতার বদলে প্রতিষ্ঠিত এক ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরি করতে আগ্রহী ছিলেন বলে দাবি করা হয়েছে ওই বইতে। সোশ্যাল মিডিয়ায় এ সবেরই প্রতিবাদ করেছেন সুনীতা। নওয়াজের সঙ্গে সম্পর্ক ভেঙে দেওয়ার আসল কারণও তিনি খোলসা করেছেন ওয়েব দুনিয়ায়।
সুনীতার দাবি, ‘নওয়াজ নিজের কল্পনা মতো অনেক কিছু লিখেছে বইতে। এমনকী অনেক ঘটনায় নিজের দিকে মোড় ঘোরাতে তার সত্যিটাই বদলে দিয়েছে। আসলে ও সকলের সমবেদনা চায়। ও চায় সকলে ওর জন্য দুঃখ করুক। ও গরীব বলে আমি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিয়েছিলাম, এটা সত্যি নয়। আমি ওকে ছেড়ে গিয়েছিলাম, কারণ ওর ভাবনাচিন্তার স্তর খুব নিচু ছিল।’
সোশ্যাল মিডিয়ায় সুনীতার এই বক্তব্যের পর যদিও এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি নওয়াজ। তবে বলি মহলের একটা বড় অংশের প্রশ্ন, কোনও কারণ ছাড়াই নওয়াজের বিরুদ্ধে এ সব কথা বলে কী লাভ সুনীতার?
এর আগে, নীহারিকা সিং নামের এক অভিনেত্রীও নওয়াজের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন।