ঢাকায় শুরু হতে যাওয়া গলফ টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে যোগ দিতে বৃহস্পতিবার বিকেল চারটা কুর্মিটোলায় গলফ ক্লাব মাঠে আসেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন ২০১৯ বাংলাদেশ’ টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে আগামী ৩ এপ্রিল।
অনুষ্ঠানের লোগো উন্মোচনে তারকা অতিথি হিসেবে যোগ দেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর প্রধান ও বাংলাদেশ গলফ ফেডারেশনের সভাপতি জেনারেল আজিজ আহমেদ।
এশিয়ান ট্যুর গলফ টুর্নামেন্টটি এবার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে হতে যাচ্ছে। এবারের আয়োজন আরও বর্ণাঢ্য। তাই তো লোগো উন্মোচন অনুষ্ঠানও বেশ বড় আয়োজনে করার উদ্যোগ নেওয়া হয়েছে। গলফ খেলা আরও বেশি মানুষের কাছে ছড়িয়ে দিতেই সঞ্জয় দত্তের মতো বড় তারকাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানা গেছে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে সঞ্জয় দত্ত বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করেছেন। তাঁর পরিবারের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারের সম্পর্কের কথাও তুলে ধরেছেন তিনি।
কুর্মিটোলা গলফ ক্লাবে ৩ এপ্রিল শুরু হয়ে এই টুর্নামেন্ট শেষ হবে ৬ এপ্রিল। ২২ দেশের সেরা গলফাররা ‘বঙ্গবন্ধু কাপ গলফ ওপেন-২০১৯ বাংলাদেশ’-এ অংশ নিচ্ছেন। ঢাকা সেনানিবাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে এটিই প্রথম আন্তর্জাতিক গলফ টুর্নামেন্ট।
এছাড়াও, ওয়েস্ট ইন্ডিজের সর্বকালের সেরা ক্রিকেটার গর্ডন গ্রিনিজও এই টুর্নামেন্টে অংশ নেবেন বলে জানা গেছে।

