সাকিব আহমেদ
‘সারা পৃথিবী এক দিকে আর আমি অন্য দিক,
সবাই বলে করেছ ভুল আর তোরা বলিস ঠিক।
তোরা ছিলি, তোরা আছিস, জানি তোরাই থাকবি…
বন্ধু, বোঝে আমাকে –
বন্ধু আছে, আর কি লাগে?’
তপুর এ গানেই পাওয়া যায় বন্ধুত্বের সংজ্ঞা। বন্ধু আছে, বন্ধু থাকে। পাশে থেকে এগিয়ে দেয় সবসময়। সমস্ত সুখ দুঃখের সাথে হয়ে লড়াই করার মানসিকতা যোগায়। পুরো পৃথিবীটা বিপরীতে গেলেও তারা পাশে থাকে প্রতিটি মুহূর্ত। সাহস দেয়, অনুপ্রেরণা দেয় সবকিছুর।
বাবা-মা’র পর যদি কেউ কাছের হতে পারে তবে তা বন্ধুই। তারাই একমাত্র বন্ধুত্বের জন্য লড়াই করতে পারে। জমে থাকা সমস্ত কথা মন খুলে বলার একমাত্র সাথী হতে পারে। তাদের ছাড়া কি করে বাঁচা যায়? তারাই তো আশা-ভরসা, মনের একটুকরো বিশ্বাস। বন্ধুত্ব হলো মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক, আত্মিক বন্ধন। এমনকি ওয়ার্ল্ড হ্যাপিনেস ডেটাবেজ গবেষণায় দেখা গেছে যে ঘনিষ্ঠ বন্ধুত্বের কারনে মানুষ সুখী হয়।
বন্ধুদের সম্মান দেখানোর জন্য একটি বিশেষ দিন পালন করা হয়। তাদের ভালবাসার বহিঃপ্রকাশের এই দিনটিকে বলা হয় ‘বন্ধুত্ব দিবস’। ইংরেজিতে ‘ফ্রেন্ডশিপ ডে’। প্রতি বছর বিশ্বজুড়ে আগস্টের প্রথম রবিবার পালন করা হয় বন্ধুত্ব দিবস হিসেবে। তবে কবে, কোথায়, কিভাবে এই দিনটির প্রচলন হয় তা সঠিকভাবে জানা যায়নি।
বিভিন্ন ওয়েবসাইট ঘেটে অবশেষে একটি সিদ্ধান্তে আসা যায়। ১৯১৯ সালে হলমার্ক কার্ডের প্রতিষ্ঠাতা ‘জয়েস হল’ এই দিনটির সূচনা করেন। উক্ত সালের আগস্ট মাসের প্রথম রবিবার তিনি ও তার বন্ধুরা সবাই মিলে একে অন্যকে শুভেচ্ছা কার্ড আদান প্রদান করত। কিন্তু বন্ধুত্ব দিবসের ইতিহাসের শুরু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ১৯৩৫ মার্কিন কংগ্রেস ঘোষণা করে যে আগস্ট মাসের প্রতি প্রথম রবিবার বন্ধুত্ব দিবস হিসেবে প্রতিপালিত হবে। সেই থেকে বন্ধুত্ব দিবস জাতীয় উদযাপিত দিনগুলোর মধ্যে একটি হিসেবে পালিত হয়। খুব শীঘ্রই এটি বিভিন্ন অঞ্চলে খুব জনপ্রিয় হয়ে ওঠে। এর পর থেকেই আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস এর রুপ লাভ করে।
কিন্তু বন্ধুত্ব দিবস বিভিন্ন দেশে বিভিন্ন তারিখে পালন করা হয়। ২৭ এপ্রিল ২০১১ জাতিসংঘের সাধারণ অধিবেশনে ঘোষিত হয় ৩০ জুলাই অফিসিয়াল আন্তর্জাতিক বন্ধুত্ব দিবস৷ তবে এখনো বিভিন্ন দেশে আগের ঐতিহ্য মেনে আগস্টের প্রথম রবিবারই বন্ধুত্ব দিবস হিসেবে উদযাপিত হয়৷
তবে বন্ধুত্ব কি কোন বিশেষ দিনের? বন্ধুত্ব তো সবসময়ের। বন্ধু একদিনের হতে পারে না, বন্ধুত্ব আজীবনের। তার ভালবাসা অমূল্য। বন্ধুত্ব বেঁচে থাকে স্নেহ, সহানুভূতি, সহমর্মিতা, সততা, পারস্পরিক বোঝাপড়া, সমবেদনা, একে অপরের সঙ্গ, আস্থা, নিজের যোগ্যতা, অনুভূতি প্রকাশ, ভয় ছাড়াই বন্ধুর কাছে ভুল করা। অনেক আবেগ মিশে থাকা এ সম্পর্কের শেষ নেই কোথাও।
আজ ২০১৭ সালের আগস্ট মাসের প্রথম রবিবার সবাইকে জানাই বন্ধু দিবসের শুভেচ্ছা। বন্ধুত্ব বেঁচে থাক – আবেগে, ভালবাসায়।
