বরিশালে এমএ আজাদ সজল (৪৫) নামের এক চিকিৎসকের লাশ পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা ১১টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লিফটের নিচে ওই চিকিৎসকের মরদেহ উদ্ধার করে।
জানা যায়, নগরীর কালীবাড়ি রোডে অবস্থিত মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচে ওই চিকিৎসকের মৃতদেহ পড়ে ছিল এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এমএ আজাদ সজল মমতা স্পেশালাইজড হাসপাতালের সাত তলার একটি কক্ষে থাকতেন।
মৃত ওই ডাক্তার বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট। তার বাড়ি পিরোজপুর জেলার স্বরূপকাঠিতে।
এ বিষয়ে, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. মোক্তার হোসেন জানান, এক ওটি বয় লিফটের নিচে মরদেহ দেখতে পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানায়। পুলিশ গিয়ে মরদেহের সুরতহাল করছে।
তিনি বলেন, লিফট থেকে পড়ে গিয়ে এ ঘটনা ঘটার কথা নয়। এটি স্বাভাবিক কোনো দুর্ঘটনা বলেও মনে হচ্ছে না। এছাড়া মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে। এটি হত্যা নাকি দুর্ঘটনা এখনই নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

