উপাচার্যের পদত্যাগসহ ১২ দফা দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রশাসন। সেইসাথে বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলের ছাত্র-ছাত্রীদের কে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে।
ক্লাস-পরীক্ষা স্থগিত করে ১২ দফা দাবিতে বুধবার দিনভর বিক্ষোভ চলার পর রাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই ঘোষণা আসে।
বিশ্ববিদ্যালয়ের একজন জনসংযোগ কর্মকর্তা জানিয়েছেন, বুধবার গভীর রাতে রেজিস্ট্রারের স্বাক্ষরে এক নোটিসে বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেওয়া হয়। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থীদের না রাখা এবং উপাচার্য ইমামুল হকের একটি মন্তব্যকে কেন্দ্র করে গত মঙ্গলবার থেকে বিশ্ববিদ্যালয়ের মূল ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন ছাত্রছাত্রীরা।
স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে ‘উদ্ভূত অনভিপ্রেত ঘটনার পরিপ্রেক্ষিতে’ শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তার ও বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির স্বার্থে বৃহস্পতিবার থেকে ক্লাস, পরীক্ষাসহ সকল অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।

