রাজশাহীর পদ্মা নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় এক শিশুর লাশ উদ্ধার এবং ৩৩ জন নিখোঁজ হয়েছেন।
জানা যায়, শুক্রবার (৬ মার্চ) সন্ধ্যার দিকে রাজশাহীর শ্রীরামপুরে পদ্মা নদীতে ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়। এ সময় সাঁতরে ছয় যাত্রী নদীর পাড়ে উঠতে সক্ষম হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, পদ্মার ওপারে পবা উপজেলার চরখিদিরপুর গ্রামের ইনসার আলীর ছেলে রুমন আলীর (২৬) সঙ্গে বৃহস্পতিবার (৫ মার্চ) রাজশাহী শহর সংলগ্ন পবা উপজেলার ডাঙেরহাট গ্রামের শাহীন আলীর মেয়ে সুইটি খাতুনের (২০) বিয়ে হয়। বিয়ের পর ওই দিনই বরের বাড়িতে নেওয়া হয় কনেকে। পরে শুক্রবার দুপুরের দিকে কনে সুইটির আত্মীয়-স্বজনরা বর-কনেকে আনতে চরখিদিরপুর গিয়েছিলেন। ফেরার পথে সন্ধ্যায় শ্রীরামপুরে পদ্মায় ৪০ জন যাত্রী নিয়ে দুটি নৌকা ডুবে যায়।

রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ রফিকুল ইসলাম জানান, হাসপাতালে ছয় জনকে আনা হয়। এর মধ্যে রাজপাড়া থানার বসুয়া এলাকার ৬ বছরের শিশু মরিয়ম মারা গেছে। এছাড়া ওই এলাকার বুলু (৩০), নাসরিন (৩৫) এবং শ্রীরামপুর এলাকার খাদেমুল (৩৫) ও রাতুল (১৮) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্য আরেকজন সুস্থ আছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত রেখেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

