দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যেই বসানো হলো পদ্মা সেতুর ২৯ তম স্প্যান। পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর এ তথ্য নিশ্চিত করেন।
আজ সোমবার (৪ মে) সকাল ১১ টার দিকে সেতু অংশের মাওয়া প্রান্তের ১৯ ও ২০তম পিয়ারের ওপর ‘৪এ’ আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়।
এর আগে, রবিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি তিয়ান-ই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিয়ারের কাছে।
২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসলো ২৯তম স্প্যানটি। এখন পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। চীনে পদ্মা সেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।
উল্লেখ্য, ২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন। বসানো বাকি রইলো আর মাত্র ১২টি স্প্যান।

