বহুমুখী সমস্যায় চামড়া ব্যবসা




ঈদুল আযহা উপলক্ষে দেশে কোরবানী হয়েছে বিপুল পরিমান পশু। তাই ঈদের দিন নতুন জামাকাপড় পরে আনন্দ-উৎসব নয়, চামড়া ক্রেতারা দিনটি পার করেন বস্তা হাতে এখানে সেখানে ছুটোছুটি করে। তবে চামড়ার দাম কমে যাওয়া, চামড়া পাচারসহ নানা ধরনের জটিলতায় আচ্ছন্ন হয়ে পড়েছে দেশের অন্যতম বৃহৎ এই শিল্পটি।
দেশের বিভিন্ন এলাকায় পুঁজি সংকটের কারণে আড়তদাররা মৌসুমী ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া কিনতে পারছেন না। এ অবস্থায় অনেক আড়তদার গুটিয়ে নিচ্ছেন তাদের ব্যবসা। ব্যবসায়ী নেতাদের দাবি, পরিবহন, শ্রমিক ও লবণের দাম বৃদ্ধি পেলেও চামড়ার দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন তারা।
দেশের অন্যতম চামড়া সরবরাহকারী নাটোর চকবৈদ্যনাথ মোকামেও দেখা যায় একই চিত্র। উত্তরাঞ্চলের জেলাগুলো থেকে এই আড়তে কোরবানির পশুর চামড়া আসে। যে চামড়ার আনুমানিক মূল্য প্রায় পাঁচশো কোটি টাকা। তবে গত দুবছর চামড়া ব্যবসায়ীদের পাওনা টাকা না দেয়ায় এবার তারা আড়তে কোরবানির পশুর চামড়া দেয়া কমিয়ে দিয়েছে। ফলে এই মোকামে চামড়ার আমদানি অর্ধেকে নেমে এসেছে।
আড়ৎদাররা বলছেন, ট্যানারি মালিকরা গত দুই মৌসুমে তাদের প্রায় ৭০ কোটি টাকা বকেয়া ফেলায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।
বর্তমানে সংগৃহীত চামড়া লবণজাত করে সংরক্ষণের কাজে ব্যস্ত আড়ৎদাররা। লোকসানের আশংকায় তালা ঝুলতে দেখা গেছে বেশ কিছু আড়তে। আড়ৎদার ও ব্যবসায়ী নেতারা জানান, চামড়ার দাম কমে যাওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছেন তারা।
অপরদিকে দেশের বিভিন্ন এলাকায় তুলনামূলকভাবে দামি চামড়ার ক্ষেত্রে কেনা দামেই নিচ্ছেনা ব্যবসায়ীরা। ফলে বড় ধরনের লোকসানে পড়ার আশংকা ব্যবসায়ীদের।
এবার ঢাকার ট্যানারি মালিকদের কাছ থেকে তাদের পাওনা টাকার পরিমাণ ১৫ কোটি টাকা। পেয়েছে মাত্র ৫ শতাংশ এবং সেই সঙ্গে লবণ সংকটে চামড়া বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। জেলার চামড়া ব্যবসায়ীদের অভিযোগ, ঢাকার মালিকদের কাছে জিম্মি তারা।
মৌসুমি ব্যবসায়ীরা লাভের আশায় সর্বোচ্চ ৯ শ এবং সর্ব নিম্ম ৫ শ টাকায় কিনেছেন পশুর চামড়া। এই দামে চামড়া কিনে এখন বিপাকে পড়েছেন। যে দামে কিনেছেন সেই দামে চামড়া বিক্রি করতে না পারায় পুঁজি হারানোর আতংকে তারা। অন্যদিকে চামড়া ব্যবসায়ীরা ঢাকার ট্যানারি মালিকদের কাছে জিম্মি। টাকা এবং লবণ সংকটের কারণে গতবারের চেয়ে এবার চামড়া সংগ্রহ হয়েছে কম।
এদিকে চামড়া বিক্রি করতে গিয়ে লোকসানের মুখে পুঁজি হারানোর আতংকে মৌসুমী ব্যবসায়ীরা।
চামড়া পাচার রোধে আগামী এক মাস সীমান্তে নজরদারি বাড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশন। তাদের দাবি, চলতি বছর কোরবানি ১০ শতাংশ কম হলেও পূরণ হবে চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা।
তবে, সরাসরি ট্যানারি মালিকরা চামড়া সংগ্রহ করায় এবং পাওনা পরিশোধ না করায় ক্ষোভ জানিয়েছেন পোস্তার ব্যবসায়ীরা। চামড়া নিয়ে সিন্ডিকেটের কারসাজির অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। তারা বলছেন, সরকার নির্ধারিত দামে চামড়া কিনছেন না আড়তদাররা।
কোরবানির তৃতীয় দিন তেমন পশু কোরবানি না হওয়ায় কাঁচা চামড়া খুব একটা আসেনি রাজধানীর পোস্তার আড়তগুলোতে। তাই চলছে চামড়ায় লবণ মেশানোর কাজ। তবে কর্মব্যস্ততা নেই। একই চিত্র সাভারের নতুন চামড়া শিল্পনগরীতেও। সোমবার সকাল থেকে শিল্পনগরীতে কাঁচা চামড়ার কোনো ট্রাক বা ভ্যান আসেনি। সেখানেও চলছে চামড়া সংরক্ষণের কাজ।
এদিকে আড়তদাররা বলছেন, গেল বছরের চামড়া বিক্রির টাকা পরিশোধ করেন নি ট্যানারি মালিকরা। তাই এ বছর মৌসুমি ব্যবসায়ীদের কাছ থেকে চামড়া সংগ্রহ করতে পারেন নি তারা।
এমনিতে প্রতিবছর ২০ শতাংশ চামড়া প্রতিবেশী দেশ ভারতে পাচার হয়। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর চামড়া পাচারের পরিমাণ বাড়ার্ আশঙ্কা করছেন ট্যানারি মালিকরা।
উল্লেখ্য, বাংলাদেশে প্রতিবছর এক কোটি ৬৫ লাখ পিস কাঁচা চামড়া সংগ্রহ করা হয়। এর মধ্যে ছাগলের চামড়া এক কোটি, গরু ৫০ লাখ, ভেড়া ও মহিষ মিলে ১৫ লাখ পিস। সবমিলিয়ে প্রায় ২২ কোটি বর্গফুট চামড়া পাওয়া যায়। আর এই চামড়ার প্রায় অর্ধেকই কোরবানির ঈদে সংগ্রহ করা হয়। এদিকে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি আয় বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম মাসে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে সুখবর এসেছে। চলতি ২০১৭-১৮ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে দেখা যায়, চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে ভালো প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো’র (ইপিবি) তথ্য অনুযায়ী, গত জুলাইয়ে চামড়া ও চামড়াজাত পণ্যে ১১ কোটি ৬৭ লাখ ডলার রপ্তানি আয় হয়েছে। যা গতবছরের জুলাইয়ে অর্জিত আয়ের চেয়ে ২৬ শতাংশ বেশি। গতবছরের জুলাইয়ে ৯ কোটি ২৫ লাখ ডলার রপ্তানি আয় হয়।