বাংলাদেশি যুবকের ১০টি আঙুলের নখ উপড়ে দিয়েছে বিএসএফ


paperslife

নির্মম নির্যাতন চালিয়ে এক বাংলাদেশি যুবকের হাতের ১০টি আঙুলের নখ উপড়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ।

নওগাঁর সাপাহার সীমান্তের পুর্নভবা নদীর জিরো পয়েন্ট এলাকা থেকে বিজিবি তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে সাপাহার হাসপাতালে পাঠায়।

নওগাঁর ১৬ বিজিবি ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, ভোর ৫টার দিকে আদাতলা ১৬ বিজিবির একটি টহল দল ওই এলাকায় গেলে তারা পুনর্ভবা নদীর কিনারে ওই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে উদ্ধার করে ক্যাম্পে নিয়ে আসে। পরে বিজিবি তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

নির্যাতনের শিকার আজিমউদ্দিন অভিযোগ করেছেন, শনিবার ভোরে উপজেলার পাতাড়ী সীমান্তের বিপরীতে ভারতের খোটাডাহ ৬০ বিএসএফ জোয়ানরা এ নির্যাতন চালায়।

আহত আজিম উদ্দীন (২০) উপজেলার দক্ষিণ পাতাড়ী (তুলশীডাঙ্গা) গ্রামের কাবির উদ্দীনের ছেলে।

এলাকাবাসী ও নির্যাতিত আজিম উদ্দিনের অভিভাবকরা জানান, শুক্রবার রাতে একদল গরু ব্যাবসায়ীর সঙ্গে আজিম রাখাল হিসেবে ভারতে গরু আনতে যান। গরু নিয়ে তারা শনিবার ভোরে সীমান্তের ২৪২ পিলার এলাকা দিয়ে দেশে ফেরার পথে বিএসএফের টহলরত জোয়ানরা তাদের ধাওয়া করে।

অন্যরা গরু রেখে পালিয়ে যেতে সক্ষম হলেও আজিম উদ্দীন বিএসএফের হাতে ধরা পড়েন।

আজিম বলেন, ‘তারা আমাকে ক্যাম্প এলাকায় নিয়ে গিয়ে দুহাতের প্রত্যেকটি আঙুলের নখ প্লায়ার্স দিয়ে উপড়ে ফেলে এবং বেদম মারপিট করে। এক পর্যায়ে আমি অজ্ঞান হয়ে যাই।’