সামনে ঘনিয়ে আসছে ঈদ। পবিত্র রমজানের শেষে ঈদ উপলক্ষে শেষ মুহূর্তে জমে উঠেছে ঈদেরবাজার। ইতোমধ্যে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাতেও জমজমাট হয়ে উঠেছে ঈদের বাজার। ঈদের বাজার করতে রাজ্যের বিভিন্ন গ্রামগঞ্জ থেকে ছুটে কলকাতায় আসছেন মানুষজন। এছাড়াও, বাংলাদেশ থেকেও কলকাতায় অনেকেই এসেছেন তাদের ঈদের কেনাকাটা করতে।
সম্প্রতি কলকাতায় বাংলাদেশীদের ঈদের কেনাকাটা অনেক বেড়েছে। রাজ্যের বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মুসলিমরা আসছেন কলকাতা শহরে তাদের কেনাকাটার জন্য। তবে রোজার কারণে সন্ধ্যার পর ভিড় বেশি হয়। অনেকেই আবার ইফতারির আগে এবং সকালের দিকে ঈদের কেনাকাটা সেরে নিচ্ছেন। ঈদের জন্য দোকানপাট খোলা থাকছে রাত ১০টা পর্যন্ত।
জানা যায়, ঈদ উপলক্ষে বাংলাদেশি ক্রেতাদের ভিড় বেশি হচ্ছে নিউমার্কেট এলাকায়। এছাড়াও, সদর স্ট্রিট, মার্কুইস স্ট্রিট, কলিন স্ট্রিট, এস এন ব্যানার্জি রোড, রফি আহমেদ কিদোয়াই রোড সর্বত্র এখন বাংলাদেশিদের প্রচুর ভিড়। ওইসব এলাকার আবাসিক হোটেলগুলোতেও সম্প্রতি কেনাকাটার কারণে কোনো ঘর খালি নেই। যদিও ভাড়া বেশি পড়ছে।
এছাড়াও, ধর্মতলা থেকে গড়িয়াহাট, শিয়ালদহ থেকে রাজাবাজার, বেলগাছিয়া-পার্ক সার্কাস থেকে এন্টালি-খিদিরপুর সর্বত্র দোকানগুলোতে ভিড় দেখা যায়।
এ বিষয়ে এক বাংলাদেশী ক্রেতা জানান, বাংলাদেশিদের কাছে কলকাতার ঈদের বাজারে ভিন্নরকম আকর্ষণ রয়েছে। বাংলাদেশের এখন মোটামুটি সচ্ছল পরিবারগুলোও ঈদের কেনাকাটা করতে কলকাতায় আসেন। ঈদের আগ থেকেই অনলাইনে ঈদের পোশাকের ডিজাইন সম্পর্কে ধারণা নিয়ে আসেন।
আরও এক বাংলাদেশী ক্রেতা বলেন, ঢাকা থেকে কলকাতায় পণ্যের দাম অনেক কম। বাংলাদেশিদের কাছে কলকাতার পণ্যের এ কারণেও অন্যরকম আকর্ষণ রয়েছে। এছাড়া, পণ্যের দাম কম হলেও কলকাতায় হোটেলভাড়া বেশি বলে অভিযোগ করেন তিনি।
ঈদবাজার সম্পর্কে কলকাতার এক মুদ্রা ব্যবসায়ী বলেন, গতবারের চেয়ে এবার ঈদের বাজারে বাংলাদেশি ক্রেতার সংখ্যা একটু বেশি। গত দুই বছর নোট বাতিলের (৫০০ ও ১০০০ রুপির নোট) কারণে ভিড় একটু কম ছিল। এক ব্যবসায়ী ঈদে পণ্য বিক্রি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, এবার মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। তৈরি পোশাকের সঙ্গে বিভিন্ন প্রসাধনী, স্বর্ণালংকার থেকে কাচের চুড়ি সব বিক্রি হচ্ছে এইবার।
ঈদ উপলক্ষে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যের উপর ছাড় দিচ্ছেন প্রতিষ্ঠানগুলো। জানা যায়, জুতা বিক্রির নামকরা প্রতিষ্ঠান শ্রী লেদার্স, খাদিম, অলংকারের প্রতিষ্ঠান পিসি চন্দ্র জুয়েলার্স, অঞ্জলি জুয়েলার্স ঈদ উপলক্ষে পণ্যমূল্যের ওপর বিশেষ ছাড় দিচ্ছে। সেইসাথে বিভিন্ন শপিং মলগুলোতেও ঈদের ছাড়ের সাথে নানা উপহার দিচ্ছে।

