নিরাপদ আশ্রয়ের খোঁজে গত তিনদিনে তিন হাজারের বেশি রোহিঙ্গা সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পৌঁছেছে বলে জানিয়েছে জাতিসংঘের শরণার্থী-বিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর)।
এদিকে টানা চতুর্থ দিনের মতো গতকাল সোমবারও রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন প্রদেশে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযান অব্যাহত ছিল।
ইউএনএইচসিআর জানিয়েছে, নতুন করে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের বেশির ভাগ নারী ও শিশু। সংস্থাটির মুখপাত্র জোসেফ ত্রিপুরা বলেন, ইউএনএইচসিআর ও অন্যান্য জাতিসংঘ সংস্থার হিসাবমতে, তিন হাজারের বেশি ‘নবাগত’ রোহিঙ্গাকে বিভিন্ন শরণার্থী শিবিরের ভেতর ও আশপাশে দেখা গেছে।
মিয়ানমারের নিরাপত্তা বাহিনী রয়টার্সকে জানিয়েছে, রাখাইন প্রদেশে তারা পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছে। বাংলাদেশ সীমান্ত থেকে কয়েক মাইল দূরের বুথিদং শহরে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তুন লাং রোহিঙ্গাদের বিষয়ে বলেন, পরিস্থিতি এখন ভালো নয়। সবকিছু তাদের ওপর নির্ভর করছে। তারা যদি সক্রিয় থাকে, তাহলে পরিস্থিতির অবনতি হবে।
পুলিশের এ কর্মকর্তা আরো বলেন, আমরা দুভাগে ভাগ হয়ে কাজ করছি। একটি দল পুলিশ ক্যাম্পের নিরাপত্তা দেবে, অন্য দলটি সেনাবাহিনীর সঙ্গে ক্লিয়ারেন্স অপারেশনে যাবে। মিয়ানমার পুলিশের বরাতে স্থানীয় এক সাংবাদিক জানান, বুথিদংয়ের উত্তরে তিনটি পুলিশ ক্যাম্প রোহিঙ্গা বিচ্ছিন্নতাবাদীদের দ্বারা অবরুদ্ধ রয়েছে।
বুথিদংয়ের তুলনায় বাংলাদেশ থেকে আরো কাছের শহর মংডু। কক্সবাজারের উখিয়া থেকে হাঁটাপথে ১ ঘণ্টার দূরত্বে অবস্থিত মংডুতে রোববার থেকে অনেক বাড়িঘরে আগুন জ্বলছে বলে স্থানীয় সংবাদদাতা ও সেনা কর্মকর্তারা জানিয়েছেন।
মংডুর কেয়ি কান প্যিন গুচ্ছগ্রামের একজন রোহিঙ্গা অধিবাসী জানান, সেনাবাহিনীর সদস্যরা শটগান ও অন্যান্য অস্ত্র নিয়ে গ্রামে হামলা চালায়। যাওয়ার সময় ঘরগুলোয় আগুন জ্বালিয়ে দেয়। সবকিছু আগুনে পুড়ছে। আমরা এখন ধানক্ষেতে আশ্রয় নিয়েছি। পালানোর চেষ্টা চালাচ্ছি।
মিয়ানমার কর্তৃপক্ষ রাখাইন প্রদেশের কয়েক হাজার অমুসলিম অধিবাসীকে বিভিন্ন শহরে ও মঠে সরিয়ে নিয়েছে। গতকাল সোমবারও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৫০০ লোককে দুটি নৌকায় চড়িয়ে প্রাদেশিক রাজধানী সিতওয়েতে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে গতকাল ২২০ জন রোহিঙ্গাকে আটক করে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে এরা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছিল। ফেরত পাঠানোর সময় রোহিঙ্গাদের সহায়তাকারী হিসেবে দুই দালালকেও আটক করেছে পুলিশ। রোববার দিবাগত রাতে জল ও স্থলসীমান্ত অতিক্রম করে তারা বাংলাদেশে প্রবেশ করছিল।
সোমবার ভোরে এসব রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয় বলে জানিয়েছেন বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল মঞ্জুরুল হাসান খান ও টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম।
