‘বাংলাদেশ বাঘের মতো, অস্ট্রেলিয়া ভয়ংকর’


paperslife

বিতর্কিত মন্তব্য ও বিরূপ কিছু বাণী দিয়ে প্রায়ই আলোচনায় আসেন শেবাগ। তবে এবার এমন কিছু না, বাংলাদেশকে সরাসরি বাঘের সাথেই তুলনা দিচ্ছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অপেনা বীরেন্দর শেবাগ।

২০১০ সালের জানুয়ারিতে বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের আগে শেবাগ বলেছিলেন, ‘এই দলটা খুবই অর্ডিনারি।’ তাঁর এ মন্তব্য নিয়ে আলোচনা-সমালোচনা কম হয়নি তখন! সে সময়ের তুলনায় বাংলাদেশ অনেক প্রতিষ্ঠিত দল। নিজেদের দিনে যেকোনো দলকে হারানোর ক্ষমতা রাখে বাংলাদেশ। তাই ধারণা পাল্টেছে শেবাগের, এখন বাঘের তকমা ব্যবহার করছেন শেবাগ।

ফেসবুকে নিজেদের পেজে একটা ভিডিও প্রকাশ করেছে আইসিসি। সেখানে শেবাগ এক বাক্যে প্রতিটি দল নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন। অস্ট্রেলিয়া দলটা কেমন? জবাবে শেবাগ বলেছেন, ‘ভয়ংকর!’ তবে সবচেয়ে সেরা বিশেষণ তিনি বাংলাদেশের পাশেই ব্যবহার করেছেন। বাংলাদেশ দলকে তুলনা করেছেন বাঘের সঙ্গে।

ক্রিকেটে বাংলাদেশকে বলা হয়ে থাকে ‘দ্য টাইগার্স’ নামে। নিজেদের দিনে বাংলাদেশ কতটা ভয়ংকর হতে পারে শেবাগ সেটি ভালো করেই জানেন। পোর্ট অব স্পেনে ২০০৭ বিশ্বকাপে এই বাংলাদেশের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল। সেই দিনের দুঃস্বপ্ন স্মৃতিতে ভালো করেই থাকার কথা তার। বাংলাদেশকে নিয়ে শেবাগের মূল্যায়ন, ‘তারা বাঘের মতো, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে।’’

বিশ্বকাপ শুরু হতে দুই মাস বাকি। বিশ্বকাপের ক্ষণ গণনা শুরু হয়ে গেছে ইতোমধ্যে। দুই মাস পর ইংল্যান্ডে শুরু হবে ৫০ ওভারের ক্রিকেটে শ্রেষ্ঠত্ব প্রমাণের লড়াই। কার হাতে উঠবে আরাধ্য শিরোপা—জানা যাবে ১৪ জুলাই লর্ডসের ফাইনাল শেষে।

কোন দলকে নিয়ে কি মন্তব্য করেছেন শেবাগ? এক নজরে দেখে নেওয়া যাক :

অস্ট্রেলিয়া: ভয়ংকর
বাংলাদেশ: বাঘের মতো, নিজেদের দিনে ভালো শিকার করতে পারে।
পাকিস্তান: অননুমেয়
ইংল্যান্ড: বিশ্বকাপ জেতার ভালো সম্ভাবনা আছে তাদের
নিউজিল্যান্ড: আন্ডারডগ
শ্রীলঙ্কা: ভালোবাসা যায়
দক্ষিণ আফ্রিকা: আশা করি ভালো করবে
আফগানিস্তান: নিজেদের সেরা দিনে যেকোনো দলকেই হারাতে পারে
ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ংকর দল
ভারত: যদি ভালো খেলে যেকোনো দলকেই হারাতে পারে