করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে আছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এ ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশ লকডাউন ঘোষণা করেছে। এরই মাঝে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটছে অদ্ভুত ঘটনা।
ভারতের উত্তর প্রদেশের ঘজিয়াবাদের এক নারী তার ছেলেকে বাজার করতে পাঠালে স্ত্রীসহ বাড়ি ফিরেছেন ছেলে। ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এ খবর বলা হয়েছে।
গতকাল বুধবার উত্তর প্রদেশের শহরটিতে এমন ঘটনা ঘটে। বিষয়টি নিয়ে পুলিশের কাছে অভিযোগ করেছেন ওই নারী।
কান্নাভেজা চোখে ছেলের মা বলেন, ‘আমি ছেলেকে মুদি দোকানে পাঠালাম। কিন্তু সে ফিরে এলো বউ নিয়ে। এমন বিয়ে মেনে নিতে রাজি নই আমি।’
এই বিয়ের বিষয়ে ওই নারীর ছেলে গুড্ডু (২৬) বলেন, ‘দুই মাস আগে হরিদ্বারের আর্য্য সমাজ মন্দিরে আমি সাভিতাকে (নববধূ) বিয়ে করেছি। তখন স্বাক্ষীর অভাবে আমরা ম্যারেজ সার্টিফিকেট পাইনি। সার্টিফিকেট আনতে আমি আবারও হরিদ্বারে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। কিন্তু লকডাউনের কারণ যাওয়া হয়নি।’
এই যুবক আরও বলেন, ‘হরিদ্বার থেকে ফিরে সাভিতা দিল্লির একটি ভাড়া বাড়িতে উঠেছিল। কিন্তু লকডাউনের কারণে ভাড়া বাড়িটি ছেড়ে দেওয়ায় আজ (বুধবার) আমি তাকে মায়ের বাড়িতে আনার সিদ্ধান্ত নিই।’
জানা যায়, লকডাউন শেষ না হওয়া পর্যন্ত ওই দম্পতিকে আশ্রয় দেওয়ার জন্য সভিতার দিল্লির ভাড়া বাড়ির মালিককে অনুরোধ করেছে স্থানীয় পুলিশ।

