আসন্ন বছরগুলোয় স্বর্ণের বৈশ্বিক উৎপাদন বাড়বে বলে মনে করছে বিএমআই রিসার্চ। গবেষণা প্রতিষ্ঠানটির এক প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল পর্যন্ত স্বর্ণ উৎপাদনে বার্ষিক ২ দশমিক ৩ শতাংশ প্রবৃদ্ধি হবে। এ সময়ে স্বর্ণের উৎপাদন ২০১৮ সালের ১০ কোটি ৫০ লাখ আউন্স থেকে বেড়ে দাঁড়াবে ১২ কোটি ৫০ লাখ আউন্সে।
২০১৮ সালের জন্য আউন্সপ্রতি স্বর্ণের গড়মূল্য ১ হাজার ৩০০ ডলার প্রাক্কলন করেছে বিএমআই। প্রতিষ্ঠানটির মতে, আলোচ্য সময়ে স্বর্ণের বাজার নিয়ন্ত্রণে প্রধান ভূমিকা রাখবে চীন। দেশটির প্রধান স্বর্ণ উত্তোলন প্রতিষ্ঠানগুলো বিদেশী খনিতে বিনিয়োগ বাড়াতে পারে। এতে উৎপাদন চীনের চাহিদাকেও ছাড়িয়ে যাবে। এ সময় চীনের স্বর্ণের চাহিদা ১ কোটি ৬৫ লাখ আউন্সে স্থির থাকবে।
বিএমআই জানিয়েছে, ২০১৬ সালে স্বর্ণের খনি একীভূতকরণ ও অধিগ্রহণের ৪৪ দশমিক ৭ শতাংশই ছিল এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর নিয়ন্ত্রণে। চীনের ফুসান ইন্টারন্যাশনাল রাশিয়ার স্বর্ণ উৎপাদক প্রতিষ্ঠান পলিয়াস গোল্ডের ১০ শতাংশ মালিকানার জন্য ৮৯ কোটি ডলার বিনিয়োগ করেছে। এছাড়া শ্যানডং গোল্ড ৯৬ কোটি ডলারের বিনিময়ে আর্জেন্টিনার ভেলাডেরো খনির ৫০ শতাংশ মালিকানা কিনে নিয়েছে। জিনফেং খনি কিনতে ৩০ কোটি ডলার পরিশোধ করেছে চীনের রাষ্ট্রায়ত্ত চায়না ন্যাশনাল গোল্ড গ্রুপ। এছাড়া ইন্দোনেশিয়ায় নিউমন্ট মাইনিংয়ের সম্পদ অধিগ্রহণে দেশটির পিটি আম্মান মিনারেল ইন্টারন্যাশনাল ১৩০ কোটি ডলার পরিশোধ করেছে। এসব সম্পদের মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম তামার খনিও অন্তর্ভুক্ত।
স্বর্ণের বাজারের আরেক নিয়ন্ত্রক হলো দ্বিতীয় শীর্ষ উৎপাদক অস্ট্রেলিয়া। বিএমআই জানিয়েছে, উচ্চমূল্যের পরিপ্রেক্ষিতে দেশটিতে স্বর্ণ উৎপাদন বাড়বে। একই সঙ্গে অস্ট্রেলিয়ান ডলারের দুর্বল অবস্থানে খনির সম্প্রসারণ ও নতুন খনি অনুসন্ধান সহজতর হয়ে উঠবে।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, অস্ট্রেলিয়ায় স্বর্ণ উৎপাদন ২০১৮ সালের ১ কোটি ৫ লাখ আউন্স থেকে বেড়ে ২০২৬ সালে ১ কোটি ৩২ লাখ আউন্স হতে পারে। এ সময়ে দেশটিতে স্বর্ণ উৎপাদনে প্রবৃদ্ধি দাঁড়াবে ৩ দশমিক ১ শতাংশ। এর মাধ্যমে দেশটি বিশ্বে দ্বিতীয় শীর্ষ উৎপাদকের স্থান ধরে রাখবে।
বিএমআইয়ের পক্ষ থেকে বলা হয়, অস্ট্রেলিয়ায় উৎপাদন বৃদ্ধিতে ভূমিকা রাখবে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্বর্ণ উৎপাদক নিউমন্ট মাইনিং করপোরেশন। ২০১৭ সালে প্রতিষ্ঠানটি ১৫-১৭ লাখ আউন্স স্বর্ণ উৎপাদন করতে পারে।
প্রতিষ্ঠানটি রাশিয়ায় স্বর্ণ উৎপাদন বাড়তে পারে বলে আভাস দিয়েছে। তবে যুক্তরাষ্ট্রে উৎপাদন প্রবৃদ্ধি তুলনামূলক ধীর হতে পারে জানিয়েছে বিএমআই।
এদিকে মার্কিন ফেডারেল রিজার্ভের প্রধান জ্যানেট ইয়েলেন সুদহার বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশ করায় নিম্নমুখী হয়ে পড়েছে স্বর্ণের বাজার।
গত বুধবার ফেব্রুয়ারিতে সরবরাহ চুক্তিতে স্বর্ণের দাম কমেছে দশমিক ১ শতাংশ। এদিন পণ্যটির দাম আউন্সপ্রতি ১৩ ডলার কমে ১ হাজার ২৮৬ দশমিক ২০ ডলারে লেনদেন হয়, যা ২১ নভেম্বরের পর থেকে সর্বনিম্ন। এর আগের দিন পণ্যটি ১ হাজার ২৯৯ দশমিক ২০ ডলারে লেনদেন হয়েছিল, যা ১৭ নভেম্বরের পর থেকে সর্বোচ্চ। আইসিইতে ডলার সূচক দশমিক ১ শতাংশ কমে ৯৩ দশমিক ১৮৯ পয়েন্টে অবস্থান করছে। চলতি সপ্তাহে সূচক দশমিক ৪ শতাংশ বাড়লেও এক মাসের হিসাবে কমেছে ১ দশমিক ৪ শতাংশ।
অন্য ধাতুর মধ্যে মার্চে সরবরাহ চুক্তিতে রুপার দাম ২ দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১৬ দশমিক ৫৬১ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহ চুক্তিতে তামার দাম দশমিক ১ শতাংশ কমেছে। এদিন পণ্যটি পাউন্ডপ্রতি ৩ দশমিক শূন্য ৬৯ ডলারে লেনদেন হয়। জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে প্লাটিনামের দাম কমেছে ১ দশমিক ২ শতাংশ। এদিন পণ্যটি আউন্সপ্রতি ৯৪১ দশমিক ২০ ডলারে লেনদেন হয়। মার্চে সরবরাহ চুক্তিতে প্যালাডিয়ামের দাম ১ দশমিক ২ শতাংশ কমেছে। এদিন পণ্যটি আউন্সপ্রতি ১ হাজার ৮ দশমিক ৫০ ডলারে লেনদেন হয়। আগের দিন পণ্যটির দাম ২ শতাংশ বেড়ে ১ হাজার ২০ দশমিক ৬৫ ডলারে পৌঁছে যায়, যা ১৬ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।
আরও পড়ুন;
কমেছে স্বর্ণের দাম
আট বছরের সর্বনিম্নে স্বর্ণের বৈশ্বিক চাহিদা
বিশ্ববাজারে স্থিতিশীল স্বর্ণের দাম
ডলারের দুর্বল অবস্থানে বেড়েছে স্বর্ণের দাম
