বাড়িতে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন – জাহানারার নববর্ষের প্রত্যাশা


জাহানারার চোখই যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু

বছর ঘুরে আবার এসেছে বাঙালির প্রাণের উৎসব নববর্ষ। কিন্তু নববর্ষ উদযাপনের সুযোগ নেই এবার। প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারিতে সবাই ঘরে বন্দী।

বর্তমান পরিস্থিতিতে সবার করণীয় একটাই, ঘরে থেকে নিজের ও পরিবারের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করা।

অন্যরকম এই নববর্ষে সেই কথাটিই মনে করিয়ে দিলেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার ও সাবেক অধিনায়ক জাহানারা আলম। বছরের প্রথম দিনে নিজের ফেসবুক পেইজে এক ভিডিওবার্তায় তিনি এই কথা বলেন।

তিনি বলেন, ‘আজ বাংলা বছরের প্রথম দিন। এ দিনটাকে আমরা সবাই পান্তা-ইলিশ, নতুন জামাকাপড়ের মাধ্যমে বরণ করে নেই। আজ সম্পূর্ণ ভিন্ন। কারণ যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা পার হচ্ছি, এটি যদি খুব ভালোভাবে মোকাবিলা করতে পারি, তাহলে শুধু আজকের উপলক্ষ্য নয়, সামনে আরও যত উপলক্ষ্য আসবে, সবগুলোই পরিবারের সঙ্গে ভালোভাবে উদযাপন করতে পারব।’

ভিডিও বার্তায় তিনি শান্তিরক্ষী বাহিনীকে ধন্যবাদ ও স্যালুট জানান, ‘আমি ধন্যবাদ দিচ্ছি প্রশাসনের যারা আছেন পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব- আপনারা যারা মৃত্যুর ঝুঁকি নিয়ে রাস্তায় থেকে, আমাদের বাড়িতে থাকা নিশ্চিত করছেন। আজ বছরের প্রথম দিন, পরিবারের সঙ্গে না থেকে আমাদের জন্য ডিউটি করছেন। আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আমার স্যালুট।’

করোনা যুদ্ধে থাকা স্বাস্থ কর্মীদের প্রশংসা করে জাহানারা বলেন, ‘এই পরিস্থিতিতে যারা জীবনে পরোয়া না করে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, সেই চিকিৎসক এবং নার্সদের আমার স্যালুট। আন্তরিকভাবে ধন্যবাদ তাদের। ইতোমধ্যে অনেক চিকিৎসক করোনায় আক্রান্ত হয়ে মারা গিয়েছে এবং অনেক চিকিৎসক-নার্স সংক্রমিত হয়ে কোয়ারেন্টাইনে আছেন। আল্লাহর কাছে দোয়া করি আপনারা সুস্থ হয়ে ফিরে আসুন।’

সব শেষে সবাইকে নিরাপদে বাড়িতে থাকতে বলেন ডানহাতি এই পেসার।

 

https://www.facebook.com/jahanaraalambcb/videos/1035937976840869/