চিত্রতারকা দম্পতি শাকিব খান ও অপু বিশ্বাসের সম্পর্কের টানাপোড়েন চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে। শোনা যাচ্ছে, শিগগিরই শাকিব খান আর অপু বিশ্বাসের নাকি আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ ঘটতে যাচ্ছে।
শাকিব-অপুর একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দুজনের সংসার যে হচ্ছে না, এটা পুরোপুরি নিশ্চিত। কারণ, একটা সম্পর্কের মধ্যে যদি পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা না থাকে, সেখানে সংসার করা মুশকিল হয়ে পড়ে। শাকিব ও অপুর বিয়ের খবর প্রকাশ্যে চলে আসার পর দুজনের মধ্যে সম্পর্কের চূড়ান্ত অবনতি ঘটে। কোনোভাবেই এই সম্পর্কের উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে না। তাই বিবাহবিচ্ছেদই দুজনের জন্য উত্তম। যত দূর শোনা যাচ্ছে, অপুর সব পাওনা মিটিয়ে দেওয়ার প্রস্তুতিও চলছে।
এদিকে অপু বিশ্বাস বলেছেন, ‘আমার কিছুই বলার নেই। শাকিবও এখন দেশের বাইরে আছে। আমার সঙ্গে বিবাহবিচ্ছেদের ব্যাপারে কোনো কথা হয়নি। আমি আমার সন্তান নিয়ে ব্যস্ত আছি।’
২০০৮ সালের ১৮ এপ্রিল শাকিব খান ও অপু বিশ্বাসের বিয়ে হয়। বিয়ের ব্যাপারটি কঠোর গোপনীয়তার মধ্যে রেখে তাঁরা দুজন সমানতালে সিনেমার শুটিং করে গেছেন। এ বছর ১০ এপ্রিল একটি টেলিভিশন চ্যানেলে ছয় মাস বয়সের ছেলে আব্রামকে সঙ্গে নিয়ে উপস্থিত হন অপু বিশ্বাস। আর এখান থেকেই শুরু হয় তাদের সম্পর্কের টানাপোড়ন।
