বিজেপিকে ভোট না দেয়ার আহ্বান ভারতের সাংস্কৃতিক কর্মীদের


Naseeruddin Shah, Konkona Sensharma #paperslife

আসন্ন ভারতীয় লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন দল (বিজেপি)-কে ভোট দিয়ে বিজয়ী না করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ভারতের লেখক, কবি ও সাংস্কৃতিক কর্মীরা।

ভোট না দেয়ার বিষয়ে চলচ্চিত্র ও মঞ্চের প্রায় ছয়  শ’র বেশি জনপ্রিয় মুখ এক বিবৃতিতে ধর্মান্ধতা, ঘৃণা ও উদাসীনতাকে ক্ষমতা থেকে উচ্ছেদ করতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।

একইসাথে, কলকাতার কবি শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেনসহ আরও অনেকে বিজেপি ও তাদের শরিকদের বিরুদ্ধে পদযাত্রার ঘোষণা দিয়েছেন।

ভারতের গণমাধ্যম বলছে,  নির্বাচনের আগে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সাহিত্য-সংস্কৃতিকর্মীদের এইরকম বিরোধিতা এর আগে কখনো ঘটেনি।

এছাড়াও, ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং সকলের জন্য নিরাপদ সুস্থ ভারত গড়তে বিজেপি ও তার শরিকদের বিরুদ্ধে ভোট দিন। এই সম্পর্কিত বিবৃতিতে স্বাক্ষরকারীদের তালিকায় আছেন নাসিরুদ্দিন শাহ, অনুরাগ কাশ্যপ, লিলেট দুবে, রত্না পাঠক শাহ, মহেশ দত্তানি, কঙ্কনা সেনশর্মা ও অমল পালেকরের মতো জনপ্রিয় সাংস্কৃতিক ব্যক্তিত্বও।

১২টি ভাষায় লেখা ওই বিবৃতিতে এবারের লোকসভা ভোটকে ‘স্বাধীন ভারতের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ’ অ্যাখ্যা দিয়ে বলা হয়, ‘উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বিজেপি ক্ষমতায় এলেও মূলত গুন্ডামিকে প্রশ্রয় দেওয়া হয়েছে। পাঁচ বছর আগে যে ব্যক্তি জাতির রক্ষাকর্তা হিসেবে এসেছিলেন, তিনি এখন তার নীতির মাধ্যমে এই দেশের মানুষদের বেঁচে থাকা দুর্বিষহ করে তুলেছেন।

শুক্রবার দেয়া অন্য একটি বিবৃতিতে, একটি সাম্প্রদায়িক রাজনৈতিক দল, যার নাম বিজেপি, তার উত্থানের সঙ্গে সঙ্গে এবং রাষ্ট্রীয় ক্ষমতায় সেই দল আসার পরে দেশের সার্বিক অবস্থা চূড়ান্ত অবক্ষয়ের রাস্তায়। উল্লেখ করে সামনের লোকসভা নির্বাচনে ফ্যাসিস্ট বিজেপি ও তার সঙ্গী রাজনৈতিক দলগুলিকে বর্জনের ডাক দিয়েছেন শঙ্খ ঘোষ, নবনীতা দেবসেনসহ আরও অনেকে।

এই একই আহ্বানে ১২ এপ্রিল কলকাতার মৌলালি থেকে রবীন্দ্র সদন পর্যন্ত পদযাত্রারও ঘোষণা দিয়েছেন তারা।