সময়টা ২০১১ সাল। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সুযোগ পাননি মাশরাফি বিন মুর্তজা। ইনজুরি থেকে ফিরে সবরকম চেষ্টাই করেছিলেন, কিন্তু দলে জায়গা করে নিতে পারেননি। মাশরাফি কেঁদেছিলেন, বিশ্বকাপ খেলতে না পারার আক্ষেপে পুড়েছিলেন।
আট বছর পর সেই ঘটনারই যেন পুনরাবৃত্তি তাসকিনের মধ্য দিয়ে। আজ ঘোষণা করা হয়েছে বিশ্বকাপ ২০১৯ এর চূড়ান্ত দল। সেখানে রাখা হয়নি তাসকিন আহমেদকে। ইনজুরি থেকে সদ্য ফিরে আসা এই স্পিড স্টার দলে ডাক না পেয়ে কেঁদেই দিয়েছিলেন।

আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দল ঘোষণার পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে কান্নাজড়িত কণ্ঠে তাসকিন বলেন, ‘সবাই তো ভালোই চায়, খারাপ চায় না কেউ। সামনে আরো সুযোগ আছে। আমি আমার চেষ্টা চালিয়ে যাব। ডিপিএলের সুপার লিগে ভালো খেলার চেষ্টা করব। সবাই যেটা ভালো মনে করছে, তাই করছে। সবাই দোয়া করবেন, আমি চেষ্টা করব ভালো করার।’
বিশ্বকাপের আগে থেকেই আলোচনায় ছিলেন তাসকিন। বিপিএলে দারুণ পারফরম্যান্স দেখিয়ে এই কিছুদিন আগে নিউজিল্যান্ড সফরের দলে সুযোগ পেয়েছিলেন। চোটে আক্রান্ত হয়ে শেষ পর্যন্ত দলের সঙ্গে যেতে পারেননি। সেই চোটই ছিটকে দিলো বিশ্বকাপ থেকে।
২০১৫ বিশ্বকাপে দুর্দান্ত ছিলেন তাসকিন। তরুণ এই পেসার নিয়েছিলেন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট (৯)। চার বছর পর ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে দলের বাইরে।
ক্রিকেট খেলাটাই বোধহয় এমনই। আজ দুহাত বটে দিলেও আগামীকাল ব কেড়ে নিতেও পিছপা হয় না!
আরো পড়ুন :

