চলতি বছর বৈশ্বিক ইস্পাত খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা। মূলত চীন, যুক্তরাষ্ট্র, ভারতসহ অন্যান্য উৎপাদনকারী দেশগুলোয় পণ্যটির বাড়তি উৎপাদন সম্ভাবনায় এ খাতে প্রবৃদ্ধি দেখা দেবে। ফলে বছর শেষে আন্তর্জাতিক বাজারে পণ্যটির দাম হাতের নাগালে থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ডব্লিউএসএ) সাম্প্রতিক মাসভিত্তিক প্রতিবেদনে এ সম্ভাবনার তথ্য জানানো হয়েছে।
ডব্লিউএসএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাইয়ে ইস্পাত উৎপাদনকারী ৬৭টি দেশ মিলে সম্মিলিতভাবে ১৪ কোটি ৩২ লাখ টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ বেশি। এর মধ্যে জাপান বাদে শীর্ষ উৎপাদনকারী প্রায় সব দেশেই পণ্যটির উৎপাদন বেড়েছে। ইস্পাত উৎপাদনকারীদের তালিকায় শীর্ষে রয়েছে চীন। জুলাইয়ে দেশটিতে মোট ৭ কোটি ৪০ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি। তালিকায় এরপর রয়েছে জাপানের নাম। জুলাইয়ে দেশটিতে পণ্যটির উৎপাদন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ। এ সময় দেশটিতে ৮৬ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ভারত। দেশটিতে জুলাইয়ে ৮৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫ শতাংশ বেশি। ইস্পাত উৎপাদনকারীদের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। জুলাইয়ে দেশটিতে ৭১ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ বেশি।
এ সময় দক্ষিণ কোরিয়ায় (তালিকায় ষষ্ঠ অবস্থান) ২ দশমিক ৩ শতাংশ বেড়ে ৬২ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে। জুলাইয়ে তুরস্কে ইস্পাত উৎপাদন সবচেয়ে বেশি বেড়েছে। এ সময় আগের বছরের তুলনায় ২৭ দশমিক ৮ শতাংশ বেড়ে ৩৩ টন ইস্পাত উৎপাদন করেছে তুরস্ক। ব্রাজিলে পণ্যটির উৎপাদন ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২৮ লাখ টনে। অন্যদিকে ইউরোপের দেশগুলোয় জুলাইয়ে পণ্যটির সম্মিলিত উৎপাদন ছিল ৩৫ লাখ টন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৬ শতাংশ। মিসরে পণ্যটির উৎপাদন ১৯ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ লাখ ৩৫ হাজার টনে দাঁড়িয়েছে। এ সময় দক্ষিণ আফ্রিকায় পণ্যটির উৎপাদন কমেছে আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৩ শতাংশ। জুলাইয়ে দেশটিতে মোট ৪ লাখ ৯৩ হাজার টন ইস্পাত উৎপাদন হয়েছে। উৎপাদনের পাশাপাশি এ সময় পণ্যটির ব্যবহারে বৈশ্বিক সক্ষমতাও বেড়েছে। ডব্লিউএসএর তথ্য অনুযায়ী, জুলাইয়ে উৎপাদিত ইস্পাতের ৭২ দশমিক ২ শতাংশ ব্যবহার হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ২ শতাংশ বেশি।
মূলত বাড়তি উৎপাদন ও ব্যবহারের কারণে চলতি বছর বৈশ্বিক ইস্পাত খাতে প্রবৃদ্ধির সম্ভাবনা দেখছেন বাজার বিশ্লেষকরা। সিঙ্গাপুরভিত্তিক এসঅ্যান্ডপি গ্লোবাল রেটিংসের পণ্যবাজার-বিষয়ক বিশ্লেষক বিশাল কুলকার্নি বলেন, ইস্পাত উৎপাদন খাত একটি দেশের অর্থনৈতিক পরিস্থিতির অন্যতম সূচক হিসেবে বিবেচিত হয়। এ খাতে বিদ্যমান পরিস্থিতি দেখে দেশটির অর্থনৈতিক গতিপ্রকৃতি ও সম্ভাবনা নিরূপণ করার চেষ্টা করা হয়। কোনো দেশের ইস্পাত খাতে মন্দাবস্থা সংশ্লিষ্টদের কপালে চিন্তার ভাঁজ ফেলে। বর্তমানে বৈশ্বিক ইস্পাত খাতে গতি এসেছে। চলতি বছরের শেষ নাগাদ এ খাতে প্রবৃদ্ধি বজায় থাকবে বলে মনে হচ্ছে। শীর্ষ উৎপাদনকারী দেশ চীনে বেশকিছু ইস্পাত উৎপাদন কারখানা বন্ধের পরও পণ্যটির উৎপাদন বাড়ছে, এটা সংশ্লিষ্টদের জন্য খুবই ভালো একটি খবর। একই সঙ্গে ভারতে পণ্যটির উৎপাদন ও ব্যবহার কয়েক গুণ বেড়েছে। এ পরিস্থিতি বজায় থাকলে অচিরেই দেশটি জাপানকে ছাড়িয়ে ইস্পাত উৎপাদনকারীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে উঠে আসবে। তবে চীনে পণ্যটির বাড়তি উৎপাদন খাতসংশ্লিষ্টদের মনে সবচেয়ে বেশি আশা জাগিয়েছে।
চীনের রাষ্ট্রায়ত্ত আয়রন অ্যান্ড স্টিল অ্যাসোসিয়েশনের (সিআইএসএ) তথ্য অনুযায়ী, ২০১৭ সাল শেষে দেশটিতে ৮৪ কোটি টন অপরিশোধিত ইস্পাত উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ৩-৫ শতাংশ বেশি। ২০১৬ সালে দেশটি ৮০ কোটি ৮০ লাখ টন ইস্পাত উৎপাদন করেছিল। তবে ২০১৫ সালে দেশটিতে ৮০ কোটি ৮৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছিল। চলতি বছরের প্রথমার্ধে (জানুয়ারি-জুন) দেশটি নিম্নমানের ইস্পাত উৎপাদনের অভিযোগে বেশকিছু কারখানা বন্ধ করে দেয়। এর জের ধরে চলতি বছর দেশটিতে পণ্যটির উৎপাদন ১২ কোটি টন কমার পূর্বাভাস দেন অনেক বিশ্লেষক। এ কারণে সেপ্টেম্বরের শুরুতে পণ্যটির দাম বেড়ে চার বছরের সর্বোচ্চে অবস্থান করে। বিশ্লেষকদের আশঙ্কা মিথ্যা প্রমাণ করে দেশটিতে ইস্পাত উৎপাদন বাড়তির পথে রয়েছে বলে জানিয়েছে ডব্লিউএসএ। শুধু চীন নয়, ইস্পাতের বৈশ্বিক উৎপাদনও বেড়েছে। তাই আগামী দিনগুলোয় উৎপাদন প্রবৃদ্ধি বজায় থাকায় ইস্পাতের দাম হাতের নাগালে থাকবে বলে আশা খাতসংশ্লিষ্টদের।
