বিশ্বের নিরাপদতম মুদ্রা ইয়েন




বিশ্বের শীর্ষস্থানীয় মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে ইয়েনের নাম উঠে এসেছে। আর যৌথভাবে পরের অবস্থান সুইস ফ্রাঁ ও মার্কিন ডলারের দখলে।
গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের এক বিশ্লেষণে এ তথ্য উঠে এসেছে।
কেভিন ডেলির নেতৃত্বে গোল্ডম্যান স্যাকসের অর্থনীতিবিদদের বিশ্লেষণে দেখা গেছে, গত দশকে বৈশ্বিক ঝুঁকিপূর্ণ সম্পদের উত্থান-পতনের সঙ্গে সঙ্গতি রেখে দারুণভাবে নিজেকে সুরক্ষিত রাখতে সক্ষম হয়েছে জাপানি ইয়েন। অর্থনীতিবিদরা ২০০৭ থেকে ২০১১ এবং ২০১২ থেকে ২০১৬— এই সময়ের মধ্যে বিশ্বের ২৮টি উন্নত ও উন্নয়নশীল দেশের মুদ্রার মানের দৈনিক ও মাসিক ওঠানামা তুলনা করে এ সিদ্ধান্তে পৌঁছেছেন।
দেখা গেছে, বৈশ্বিক শেয়ার, যুক্তরাষ্ট্রে তেলের দাম ও ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ডের সঙ্গে ইয়েন সবচেয়ে সামঞ্জস্যপূর্ণভাবে নেগেটিভ কোরিলেশন (নেতিবাচক ওঠানামা) বজায় রেখেছে।
গোল্ডম্যানের বিশ্লেষণে দেখা গেছে ‘সেফ হ্যাভেন’ নামে পরিচিত মুদ্রাগুলোর মধ্যে সবচেয়ে নিরাপদ মুদ্রা হিসেবে জায়গা করে নিয়েছে ইয়েন।  অন্যদিকে, কয়েকটি উদীয়মান অর্থনীতির মুদ্রাগুলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ (রিস্ক-অন) মুদ্রার ঘরে নাম লিখিয়েছে। এ তালিকায় আছে মেক্সিকোর পেসো, দক্ষিণ আফ্রিকার র্যান্ড ও অস্ট্রেলীয় ডলার।
গোল্ডম্যানের প্রতিবেদনে দেখা গেছে, ২০০৭-২০১১ সময়ের তুলনায় ২০১২-২০১৬ সময়ে ডলার ও তেলের মূল্যের মধ্যকার নেতিবাচক ওঠানামার মাত্রা ছিল খানিকটা কম। এর কারণ হিসেবে অর্থনীতিবিদরা বলছেন, হয় তেল ও ডলারের মধ্যকার সম্পর্ক ২০০৮ সালের বৈশ্বিক আর্থিক সংকটের ঠিক পরপর খুবই শক্তিশালী ছিল, অথবা নিজস্ব তেলের ওপর যুক্তরাষ্ট্রের নির্ভরতা বৃদ্ধির প্রতিফলন দেখাচ্ছে।