ভারতের বিহারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩শ’ ছাড়িয়ে গেছে। মঙ্গলবার রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা দফতর জানায় অব্যাহত বন্যা ও ভূমিধসে রাজ্যের ১৯ জেলার প্রায় দেড় কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর মধ্যে গৃহহীন হয়েছে প্রায় ১০ লাখ মানুষ। রাজ্যটিতে এ পর্যন্ত ৩শ’ ৪১ জনের মৃত্যুর খবর পাওয়া গেলেও বহু মানুষ নিখোঁজ থাকায় এ সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
প্রায় ১ মাসের বন্যায় বিহারের হাজার হাজার হেক্টর ফসলি জমি তলিয়ে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছেন রাজ্যের কৃষকরা। স্থানীয় বেশ কিছু নদ-নদীর পানি এখনো বাড়তে থাকায় নতুন করে আরও কিছু এলাকা প্লাবিত হওয়ার খবর জানিয়েছে গণমাধ্যম।
এদিকে, আসামে বৃষ্টিপাত কমলেও, রাজ্যের অধিকাংশ গ্রাম এখনো তলিয়ে থাকায় জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এ পর্যন্ত সেখানে ২ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।
