মিডিয়ার হাত থেকে বাঁচতে অনেক সেলেবই দেশের বাইরে গোপনে বিয়ে করেন। আর সেক্ষেত্রে বলিউড তো এক ধাপ এগিয়ে। ইতিহাস ঘাঁটলে এমন উদাহরণ অনেক পাওয়া যাবে। কিছুদিন যাবত ছড়িয়ে পড়ছে ভিরাট কোহলি এবং আনুশকা শর্মার বিয়ের খবর।
তবে ইতালিতে ভিরাট কোহালির সঙ্গে বিয়ের খবরকে গুজব বলে আগেই উড়িয়ে দিয়েছেন আনুশকা শর্মা। তবে জল্পনা কল্পনার অবসান হয়নি। এই জল্পনার পালে হাওয়া লাগিয়ে বাবা-মাকে নিয়ে দেশ ছাড়লেন আনুশকা।
বৃহস্পতিবার রাতে মুম্বাই বিমানবন্দর থেকে বিমান ধরেন অভিনেত্রী। বলি মহলের কোনও কোনও অংশ বলছে, ইতালির উদ্দেশেই রওনা হয়েছেন আনুশকা।
দু’দিন আগে শোনা যায় ইতালিতে আগামী ১০ থেকে ১২ ডিসেম্বরের মধ্যে বিয়ে করবেন ভিরাট কোহলি ও আনুশকা শর্মা। পরে মুম্বইতে হবে রিসেপশন। কিন্তু সেই খবরকে গুজব বলে উড়িয়ে দেন আনুশকার মুখপাত্র। তাঁর তরফে সংবাদ সংস্থাকে বলা হয়, ‘‘এই খবরের কোনও সত্যতা নেই।’’ কিন্তু বৃহস্পতিবার রাতে আনুশকা দেশ ছাড়ায় বিয়ের জল্পনা আরও বাড়ছে।
মিড ডে-র খবর অনুযায়ী, আগামী সপ্তাহেই ইতালিতে বিয়ে করছেন ভিরাট-আনুশকা। কিন্তু পরিচিত সকলের পক্ষে ইতালি যাওয়া সম্ভব নয়। সে কারণেই দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। পরে রিসেপশনে সকলকে নাকি আমন্ত্রণ জানাবেন এই জুটি।
