বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ঢাকেশ্বরী আবাসিক এলাকায় করোনাভাইরাসের রোগী শনাক্ত হওয়ায় ওই এলাকার সব বাসিন্দাকে বাধ্যতামূলক ১৪ দিনের কোয়ারেন্টিনের নির্দেশ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকার পরিবেশ কমিটি।
গতকাল সোমবার রাতে এ লকডাউনের ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এ আবাসিক এলাকায় করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি পাওয়া গেছে। তাই আবাসিক এলাকার বাসিন্দাদের সার্বিক নিরাপত্তার জন্য প্রত্যেককে বাধ্যতামূলকভাবে আগামী ১৪ দিন নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ করা হলো।’
দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের পর গত ১৬ মার্চ থেকে বুয়েট বন্ধ রয়েছে। ফলে শিক্ষার্থীরা নেই ক্যাম্পাসে।
ঢাকেশ্বরী আবাসিক এলাকার কোয়ার্টারে বুয়েটের শিক্ষক-কর্মকর্তাদের ১৫০টি পরিবার রয়েছে। যে ভবনে রোগী পাওয়া গেছে, সেখানে রয়েছে ৪৪টি পরিবার।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা যায়, আক্রান্ত নারী একজন শিক্ষকের মা। তিনি গত ১১/১২ মার্চ ভারত থেকে দেশে ফেরেন। এরপর কয়েকদিন পর তার জ্বর আসে, কাশি ও শ্বাসকষ্টেও ভুগছিলেন তিনি।
অধ্যাপক মিজানুর বলেন, “তিন আগে আইইডিসিআর থেকে লোকজন এসে তার শরীরের নমুনা নিয়ে যান। আজকে করোনাভাইরাস পজিটিভ বলে সেখান থেকে জানানো হয়েছে।”
আক্রান্ত নারীর সংস্পর্শে আসা তার দুই মেয়ের নমুনাও পরীক্ষার জন্য নিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইডিসিআর)।

