বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শর্ত সাপেক্ষে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার (২৪ মার্চ) বেলা সাড়ে তিনটার দিকে গুলশানের বাসভবনে সংবাদ ব্রিফিংয়ে এ সিদ্ধান্ত জানান আইনমন্ত্রী আনিসুল হক।
আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে মানবিক দিক বিবেচনায় দুই শর্তে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শর্ত এক- ঢাকার নিজ বাসায় থেকে চিকিৎসা নেবেন। অন্য হাসপাতালেও চিকিৎসা নিতে পারবেন না।
শর্ত দুই- তিনি বিদেশ যেতে পারবেন না।
আইনমন্ত্রী জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফৌজদারি কার্যবিধি ৪০১ ধারা অনুযায়ী সুপারিশের পরেই খালেদা জিয়ার মুক্তি কার্যকর হবে।
প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি থেকে কারাগারে রয়েছেন বেগম খালেদা জিয়া। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) প্রিজন সেলে চিকিৎসাধীন।

