বৈশাখী কাপড় পায়নি, তাই গলায় ফাঁস!



কুড়িগ্রামের উলিপুর উপজেলার বড়াইবাড়ী গ্রামের মেয়ে আইরিন আক্তার বৃষ্টি। আসছে পহেলা বৈশাখে মায়ের কাছে বৈশাখী জামা চেয়েছিল, না পাওয়ায় অভিমান করে অষ্টম শ্রেণির এই ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমেছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বড়াইবাড়ি গ্রামের আবেদ আলীর কন্যা উলিপুর মহিলা কলেজিয়েট মহাবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী আইরিন আক্তার বৃষ্টি (১৪) সকালে মায়ের কাছে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী জামা চায়। কিন্তু সংসারের অভাব অনটনের কারণে মা তাকে জামা কেনার টাকা দিতে না পারায় ওই ছাত্রী অভিমান করে ঘরে ঢুকে দরজা লাগিয়ে দেয়।

সকাল গড়িয়ে দুপুর হলে দরজা না খোলায় তাকে ডাকাডাকি করা হয়। দরজা না খোলায় পরিবারের লোকজনের সন্দেহ হয়। এ সময় স্বজনরা ঘরের দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বৃষ্টিকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার বলেন, ওই ছাত্রীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। প্রাথমিক অবস্থায় পরীক্ষা-নিরীক্ষায় মনে হয়েছে এটি আত্মহত্যা। অন্য কিছু থাকলে পুলিশ তা তদন্ত করে বের করবেন।

উলিপুর থানার ওসি জানান, ওই ছাত্রীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে প্রকৃত ঘটনা জানা যাবে।

নিহত আইরিন চার ভাইবোনের মধ্যে সবার ছোট। বাবা আবেদ আলী ঢাকায় রিকশা চালান।