চলমান করোনা পরিস্থিতিতে এবার সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এক ব্যবসায়ীকে জোর করে হোম কোয়ারেন্টাইনে রেখে চাঁদা দাবির অভিযোগ উঠেছে উল্লাপাড়া মডেল থানার সাব ইন্সপেক্টর (এসআই) মানিক মিয়ার বিরুদ্ধে।
জানা গেছে, অভিযুক্ত এসআই মানিক মিয়া ছুটিতে থাকাকালীন পাশের তারাশ থানার তালোম শিবপাড়া গিয়ে এই চাঁদা দাবি করেন।
এমতাবস্থায় ভুক্তভোগী ওই ব্যবসায়ীর স্ত্রী উল্লাপাড়া মডেল থানার ওসির কাছে এমন অভিযোগ করেন। অভিযোগকারী মুর্শিদা খাতুন তাড়াশ উপজেলার তালোম শিবপাড়া গ্রামের অধিবাসী আবুজল প্রামানিকের স্ত্রী।
বিষয়টি জানার পর এসআই মানিককে ক্লোজ করে সিরাজগঞ্জ পুলিশ লাইন্সে প্রত্যাহার করা হয়েছে।
এ বিষয়ে ওই ব্যবসায়ীর স্ত্রী জানান, করোনা পরিস্থিতিতে আবুজল প্রামানিক ঢাকা থেকে গ্রামের বাড়ি এসে আটকা পড়েন। জীবিকার তাগিদে গত এক মাস থেকে এখানেই মাস্কের ব্যবসা শুরু করেছেন।
ঢাকা থেকে আগত আবুজলকে হোম কোয়ারেন্টাইনে রাখার ভয় দেখিয়ে গত ২৩ এপ্রিল তার কাছ থেকে চাঁদা দাবি করা হয়। পরে তার স্ত্রী মুর্শিদা খাতুন পরে নিজেই ওসির নিকট অভিযোগ করেন।
উল্লাপাড়া মডেল থানার ওসি দীপক কুমার বৃহস্পতিবার রাতে বলেন, ‘পুলিশ সুপার কার্যালয় থেকে এক আদেশে বুধবার রাতে মানিককে ক্লোজ করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।
পুলিশ সুপার কার্যালয়ের জনসংযোগ কর্মকর্তা পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার আবু ইউসুফ বলেন, বিষয়টির তদন্ত করা হচ্ছে।

