'ব্যবসা সম্প্রসারণে ফেসবুকের আকার বাধা নয়'



বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে ফেসবুক বহুমুখী ব্যবসায় প্রবেশ করছে। এ নিয়ে অনেকে প্রতিষ্ঠানটির সমালোচনা করেছেন।
এ বিষয়ে ফেসবুকের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) শেরিল স্যান্ডবার্গ বলেছেন, ফেসবুক নতুন কোনো বাজারে প্রবেশ করতে চাইলে বড় কোম্পানি অধিগ্রহণ করতে পারে। এতে ফেসবুকের আকার কোনো বাধা নয়। মঙ্গলবার কোড কনফারেন্সে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠান অধিগ্রহণ বিষয়ে স্যান্ডবার্গ বলেন, যে প্রতিষ্ঠান অধিগ্রহণ করা হবে, সেটি কোন ধরনের তা বড় বিষয়। নতুন ব্যবসা প্রতিষ্ঠান পেলে তা অধিগ্রহণ করা হতে পারে। তবে সামনের দিনগুলোতে কোনো প্রতিষ্ঠান অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে কিনা, সে বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।
বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণের মাধ্যমে ফেসবুক অধীনস্থ প্রতিষ্ঠানের সংখ্যা বাড়ছে। ২০১২ সালে শতকোটি ডলারে ইনস্ট্রাগ্রাম অধিগ্রহণ করেছে ফেসবুক। ২০১৪ সালে সোস্যাল মিডিয়া জায়ান্টটি ২ হাজার ২০০ কোটি ডলারে মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ ও ৩০০ কোটি ডলারে অকুলাস অধিগ্রহণ করেছে।
ফেসবুক ও হোয়াটসঅ্যাপের গ্রাহক তথ্য শেয়ার পরিকল্পনা নিয়ে উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) তথ্য সুরক্ষা সংস্থা। গ্রাহকদের ফোন নম্বরসহ অন্যান্য তথ্য শেয়ারে প্রতিষ্ঠান দুটি আগ্রহ দেখাচ্ছে। এ বিষয়ে স্যান্ডবার্গ বলেন, দুটো সেবা প্রতিষ্ঠানের মধ্যে তথ্য শেয়ারে কিছু বাড়তি সুবিধা রয়েছে, যেমন— কোনো ব্যক্তি একটি প্লাটফর্মে শিশুকে নিপীড়ন করলে, সেই প্লাটফর্মসহ অন্য প্লাটফর্মেও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সহজ হয়।