বিশ্বজুড়ে চলমান করোনা সংক্রমণে এবার এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো।
মঙ্গলবার (৭ জুলাই) তিনি নিজেই সংক্রমিত হওয়ার খবর জানান। এছাড়াও, জানিয়েছেন, সামান্য লক্ষণ থাকলেও তিনি সম্পূর্ণ ভালো আছেন। বার্তা সংস্থা এএফপি’র প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
এর আগে করোনাভাইরাসের ঝুঁকিকে অবহেলা করে বেশ কয়েকবারই বিতর্ক ছড়িয়েছেন ব্রাজিলের ডানপন্থী নেতা জইর বলসোনারো।
আর এর জেরেই দক্ষিণ আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত ১৬ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন আর মারা গেছেন ৬৫ হাজারের বেশি।
এদিকে করোনার বিস্তার নিয়ে চ্যালেঞ্জের মুখে থাকলেও এর ভ্যাকসিন উন্নয়নের দ্বারপ্রান্তে রয়েছে ব্রাজিল।
বিশালাকারে পরীক্ষা এবং লাখ লাখ ডোজ উৎপাদনের সক্ষমতা রয়েছে দেশটির। করোনার দ্রুত বিস্তারের কারণে দেশটিতে ভ্যাকসিনের কার্যকারিতা পরীক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি হয়েছে।
বিশ্বে ইয়েলো ফেভারের ভ্যাকসিনের মূল উৎপাদক ব্রাজিল ভ্যাকসিন উৎপাদনে বিশেষায়িত জ্ঞানের জন্য সুপরিচিত।
বিশ্বের শীর্ষ দুটি ভ্যাকসিন প্রকল্প ব্রাজিলে হাজার হাজার রোগীর ওপর তৃতীয় ধাপের পরীক্ষা চালাচ্ছে। চূড়ান্ত অনুমোদনের আগে এটাই সর্বশেষ ধাপ।

