কফি রফতানিকারক দেশগুলোর তালিকায় ব্রাজিলের অবস্থান শীর্ষে। চলতি মৌসুমে বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে কফি উৎপাদন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। একই সঙ্গে পণ্যটি আবাদে দেখা দিয়েছে ক্ষতিকর পোকার আক্রমণ। এ দুইয়ের জের ধরে উৎপাদিত কফির মান কমেছে। দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক বাজারে নিম্নমানের কফি সরবরাহের অভিযোগ তুলেছেন আমদানিকারকরা। উৎপাদন ব্যাহত হওয়া ও নিম্নমানের পণ্য সরবরাহের কারণে ব্রাজিল থেকে কফি রফতানিও কমেছে।
চলতি বছরের জুলাইয়ে ব্রাজিল থেকে ১৫ লাখ ২০ হাজার ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) গ্রিন কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই মাসের তুলনায় ৮ দশমিক ১ শতাংশ কম। জুলাই বিবেচনায় ২০০৭ সালের পর চলতি বছর দেশটি থেকে সবচেয়ে কম কফি রফতানি হয়েছে। এ সময় মাত্র ১৬ হাজার ৩৪৬ লট রোবাস্তা কফি রফতানি হয়েছে। এতে গত পাঁচ বছরে জুলাই বিবেচনায় রোবাস্তা কফি রফতানির গড় দাঁড়িয়েছে আড়াই লাখ ব্যাগে। অন্যদিকে গত জুলাইয়ে ব্রাজিল থেকে অ্যারাবিকা কফি রফতানি উল্লেখযোগ্য পরিমাণে কমেছে। গত মাসে দেশটি থেকে ১৫ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি রফতানি হয়েছে, যা জুলাই বিবেচনায় নয় বছরের মধ্যে সর্বনিম্ন। একই সঙ্গে তা পাঁচ বছরের গড়ের তুলনায় ছয় লাখ ব্যাগ কম।
মূলত বৈরী আবহাওয়ার কারণে দেশটিতে চলতি মৌসুমে কফি উৎপাদন কমার আশঙ্কা রয়েছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে দেশটিতে সবমিলে ৪ কোটি ৫ লাখ ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ৫১ লাখ ব্যাগ কম। অন্যদিকে রোবাস্তা কফি উৎপাদন হতে পারে ১ কোটি ১৬ লাখ ব্যাগ, যা আগের মৌসুমের তুলনায় ১১ লাখ ব্যাগ বেশি। মূলত অ্যারাবিকা কফি উৎপাদন হ্রাসের জন্য কফির ‘অফ ইয়ার’কে (প্রকৃতিগতভাবে উৎপাদন কম হওয়া) দায়ী বরছেন সংশ্লিষ্টরা।
অন্যদিকে চলতি মৌসুমে দেশটিতে ৫ কোটি ১১ লাখ ব্যাগ কফি উৎপাদনের পূর্বাভাস দিয়েছে সাফরাস অ্যান্ড মের্কাদো। এর মধ্যে ৩ কোটি ৯৬ লাখ ব্যাগ অ্যারাবিকা ও ১ কোটি ১৫ লাখ ব্যাগ রোবাস্তা কফি। প্রতিষ্ঠানটির বাজার বিশ্লেষক গিল বারাবাচ বলেন, ব্রাজিলের কফি উৎপাদনকারী অঞ্চলগুলোয় ক্রমাগত বৃষ্টিপাত ও শ্রমিক সংকটের কারণে গত মৌসুমের তুলনায় এবার চাষাবাদ ও ফসল সংগ্রহ বিলম্ব হচ্ছে। এর জের ধরে এ মৌসুমে পণ্যটির মোট উৎপাদন কমার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এ কারণে পণ্যটির রফতানিও ছিল নিম্নমুখী। নিম্নতাপমাত্রার কারণে পণ্যটির প্রক্রিয়াকরণ কর্মকাণ্ড শ্লথ হয়ে পড়েছে। এর জের ধরে স্পট মার্কেটে পণ্যটির সরবরাহ কমেছে। একই সঙ্গে উৎপাদনকারী অঞ্চলগুলোয় ক্ষতিকারক পোকার আক্রমণে ক্ষতি হয়েছে ফসলের।
ব্রাজিলের কফি বিক্রেতা প্রতিষ্ঠান কোনাবের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে মোট ৪ কোটি ৫৫ লাখ ব্যাগ কফি উৎপাদন হতে পারে, যা আগের মৌসুমের তুলনায় ১১ শতাংশ কম। উৎপাদিত কফির মধ্যে নিম্নমানের কফি রয়েছে। কম তাপমাত্রা ও ক্ষতিকর পোকার আক্রমণে পণ্যটির মান কমেছে। প্রতিষ্ঠানটির হিসাবে, উৎপাদিত কফির ৮-১৫ শতাংশই নিম্নমানের। আন্তর্জাতিক বাজারে এসব কফি সরবরাহ হলে তা দেশটির কফি খাতের নেতিবাচক ভাবমূর্তির জন্য দায়ী হবে। মিনাস গেরাইস নামে একজন আমদানিকারক জানান, চলতি মৌসুমে উৎপাদিত ফসলের আকার ছোট ও মান অত্যন্ত নিম্ন। এ কারণে অনেক ক্রেতাই এবার দেশটি থেকে কফি কিনতে আগ্রহ হারিয়েছেন। আবার অনেকেই বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্যটি কেনার জন্য দেশটির রফতানিকারকদের সঙ্গে দরকষাকষি শুরু করেছেন। মূলত বৈরী আবহাওয়া ও আবাদের সময় ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষায় পর্যাপ্ত উদ্যোগ না নেয়ায় এ মৌসুমে দেশটির উৎপাদনকারী ও রফতানিকারক উভয়ই ক্ষতির শিকার হচ্ছেন।
দেশটির কফি উৎপাদনকারী গ্লাউসিও ডি কস্তা স্থানীয় মিনাস গার্সিয়া প্রদেশে ৩১২ হেক্টর জমিতে কফি আবাদ করেছেন। তিনি জানান, অত্যধিক বৃষ্টিপাতের কারণে ক্ষতিকর পোকা দমনের জন্য নির্ধারিত সময়ে গাছে কীটনাশক স্প্রে করা সম্ভব হয়নি। এ কারণে উৎপাদিত কফির আকার ছোট হয়েছে ও পণ্যের মান কমেছে। গত মৌসুমের তুলনায় চলতি মৌসুমে তার জমিতে কফি উৎপাদন ২০ শতাংশ কমতে পারে বলে তিনি আশঙ্কা করছেন।
