ব্ল্যাক টি উৎপাদন বাড়বে ১৩ শতাংশ



চায়ের জনপ্রিয় জাতগুলোর মধ্যে ব্ল্যাক টি অন্যতম। চলতি বছর শেষে পানীয় পণ্যটির বৈশ্বিক উৎপাদনে ১৩ শতাংশের বেশি প্রবৃদ্ধি দেখা যেতে পারে বলে গ্লোবাল টি ডাইজেস্টে পূর্বাভাস দেয়া হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, ২০১৮ সাল শেষে ব্ল্যাক টিয়ের বৈশ্বিক উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি ১১ লাখ ২০ হাজার কেজিতে, যা আগের বছরের তুলনায় ১৩ দশমিক ২৫ শতাংশ বেশি। ২০১৭ সালে বিশ্বব্যাপী ১৩ কোটি ৩৪ লাখ ৪০ হাজার কেজি ব্ল্যাক টি উৎপাদন হয়েছিল। সে হিসাবে, এক বছরের ব্যবধানে পণ্যটির বৈশ্বিক উৎপাদন বাড়তে পারে ১ কোটি ৭৬ লাখ ৮০ হাজার কেজি।
এ সময় কেনিয়ায় সবচেয়ে বেশি ৬ কোটি ৮৭ লাখ ৭০ হাজার কেজি ব্ল্যাক টি উৎপাদন হতে পারে, যা আগের বছরের তুলনায় ১ কোটি ৩৬ লাখ কেজির বেশি। আফ্রিকার অন্য দেশ মালাউয়িতে এ সময় মোট ৬৩ লাখ কেজি ব্ল্যাক টি উৎপাদনের সম্ভাবনা রয়েছে, যা আগের বছরের তুলনায় ২১ দশমিক ১৫ শতাংশ বেশি।
এদিকে এশিয়ার দেশগুলোর মধ্যে শ্রীলংকায় চলতি বছরে শেষে ৪ কোটি ৫৩ লাখ ৩০ হাজার কেজি ব্ল্যাক টি উৎপাদনের পূর্বাভাস দেয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় ৫৬ লাখ ২০ হাজার কেজি বেশি।