ভারতকে ধন্যবাদ জানিয়ে সরকার গঠন করবেন মোদী


paperslife

ভারতে আবারো টানা দ্বিতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ভোট গণনার ফলাফল থেকে জানা যায় বিজেপি আবারো সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার প্রতিষ্ঠা করছে।

বৃহস্পতিবার পাওয়া ফলাফলেই স্পষ্ট হয়ে যায় গতবারের চেয়ে বেশি আসন নিয়ে এবার সরকার গঠন করতে যাচ্ছে বিজেপি। তবে নরেন্দ্র মোদি আগেই সংবাদ মাধ্যমে একক সংখ্যাগরিষ্ঠতা পেলেও সব শরিক দলকে নিয়ে সরকার গঠন করার কথা বলেছেন।

বৃহস্পতিবার ভোটগণনা অনুসারে, ৫৪২টি আসনের মধ্যে বিজেপির এনডিএ জোট এগিয়ে আছে ৩৪৮টি আসনে। গতবারের চেয়ে মাত্র ৪টি আসন কম। আর বিরোধী ইউপিএ জোট গতবারের তুলনায় ২৬টি আসনে বেশি জয়লাভ করলেও ১০০ আসন পায়নি। জানা যায়, এবার কংগ্রেস নেতৃত্বাধীন এই জোট পেতে যাচ্ছে ৯১টি আসন।

গুজরাট ও মহারাষ্ট্রেও ভাল ফল করেছে বিজেপি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। এছাড়াও, বিহারের ৪০ আসনের মধ্যে ৩৮টিতে এগিয়ে মোদির দল।

মহারাষ্ট্রের ৪৮ আসনের মধ্যে ৪১টিতে এগিয়ে পদ্ম ব্রিগেড। মধ্যপ্রদেশের ২৯ আসনের মধ্যে ২৮টিতে জয়ের আশাবাদী বিজেপি। ছত্তিশগড়ে ১১ এর মধ্যে ৯টিতে এগিয়ে গেরুয়া শিবির। দক্ষিণের রাজ্যগুলির মধ্যে কর্ণাটকের ২৮ আসনের মধ্যে ২৫টিতে এগিয়ে বিজেপি।

সেখানে ক্ষমতায় রয়েছে কংগ্রেস ও কুমারস্বামীর জনতা দল সেকুলারের জোট। বৃহস্পতিবার এক বছর পূর্ণ করল কংগ্রেস সরকার।

এদিকে, দিল্লিতে দলের সদর দফতরে এক সাংবাদিক সম্মেলনে পরাজয় স্বীকার করে নিয়েছেন প্রধান বিরোধী নেতা, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নরেন্দ্র মোদীকে জয়ের জন্য অভিনন্দন জানিয়ে রাহুল বলেন, আমাদের লড়াই হলো ভাবধারার লড়াই। নরেন্দ্র মোদী এক ধরনের চিন্তাভাবনায় বিশ্বাস করেন, কংগ্রেস অন্য ভাবনায় বিশ্বাস করে।

আমাদের দৃষ্টিভঙ্গী সম্পূর্ণ আলাদা। কিন্তু এখন আমাদের এটা মেনে নিতেই হবে যে তাদের ভাবধারাই এখন জয়ী হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

জয়ের পর নরেন্দ্র মোদি টুইট করে ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন।  তিনি বলেছেন, ভারতকে ধন্যবাদ! আমাদের জোটের প্রতি যে শ্রদ্ধা দেখানো হয়েছে তাতে আমরা জনগণের কাছে কৃতজ্ঞ।

জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য এটি আমাদের আরও শক্তি জোগাবে বলেও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।

বিজেপি কেন্দ্রীয় কার্যালয়ে দেওয়া বিজয় ভাষণে মোদি ১৩০ কোটি ভারতীয়কে প্রণাম জানিয়েছেন। তিনি বলেন, আজ এই ফকিরের ঝোলা পূর্ণ করে দিয়েছে দেশবাসী। এই দেশবাসীকে আমি প্রণাম করি।

গণতন্ত্রের প্রতি ভারতবাসীর দায়দায়িত্ব সারা বিশ্বকে স্বীকার করার সময় হয়েছে। গণতন্ত্রের এই উৎসবে, গণতন্ত্রের জন্য যে সব মানুষ প্রাণ দিয়েছেন, যে সব মানুষ আহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি।

মোদী আরও বলেন, এই ভোটে কোনও প্রার্থী, কোনও নেতা লড়েননি, দেশের আম জনতা লড়েছেন। তাদের ভাষা বোঝা আমার পক্ষে কঠিন ছিল। কিন্তু আজ আমার ভাবনা স্পষ্ট করে দিয়ছেন জনতা। আজ জয়ী হয়েছেন ভারতবর্ষের প্রতিটি নাগরিক।