ভারতের করোনাভাইরাস দুর্বল!


Corona #paperslife

ভারতে করোনাভাইরাসের জিন দুর্বল। এর শক্তিও কম। তাই দ্রুতই বাগে আনা যাবে এই মারণ ভাইরাসকে। এমনটাই আশাবাদ ব্যক্ত করেন বিজ্ঞানীরা।

সিএসআইআর নামের একটি সংস্থার গবেষণায় উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। ভারতের সবচেয়ে বেশি সংক্রামিত রাজ্যগুলি থেকে করোনা রোগীদের নমুনা সংগ্রহ করেন বিজ্ঞানীরা।

সেই নমুনা নিয়ে গবেষণা করতে গিয়ে বিজ্ঞানীরা করোনাভাইরাসের জিনের গঠন বিন্যাস বিশ্লেষণ করেন। এতে তাঁদের নজরে পড়ে যে, ভারতে সংক্রমণকারী মারণ ভাইরাসটির গঠন অত্যন্ত দুর্বল। এই ভাইরাস খুব বেশি নিজের জিনের পরিবর্তন ঘটায়নি। তার শক্তি বিশ্বের অন্যপ্রান্তের মারণ ভাইরাসের থেকে তুলনামূলকভাবে কম। ফলে সংক্রমণ ছড়াবার ক্ষমতাও সীমিত।

বিজ্ঞানীরা সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি-র (সিসিএমবি) গবেষণাগারে এই ভাইরাসের জিনের গঠন-বিন্যাস নিয়ে বিশ্লেষণ করেন।

বিজ্ঞানীরা জানান, জিনের গঠন-বিন্যাস কতটা বদলাচ্ছে, কী কী পরিবর্তন হচ্ছে সেটা দেখতে গিয়েই বিশেষ একরকমের ‘ক্লাস্টার সিকুয়েন্স’ খুঁজে পেয়েছেন তাঁরা।৬৪টি ভাইরাল স্ট্রেনের পূর্ণাঙ্গ গঠন বিন্যাস সাজিয়ে এমন ক্লাস্টার পাওয়া গেছে।

তারা বলেন, এই ‘ফাইলোজেনেটিক ক্লাস্টার’ এর নাম ক্ল্যাডআই/এথ্রিআই। ভারতীয়দের কাছ থেকে নেওয়া ৪১শতাংশ ‘ভাইরাল স্ট্রেন’-এর জিনোম সিকুয়েন্সে এই ক্লাস্টার পাওয়া গেছে।

গবেষকরা আরও জানান, কোনো রোগকে প্রতিরোধের জন্য সবসময় সেই ভাইরাসের জিনের গঠন-বিন্যাস দেখা প্রয়োজন। খুঁজে বের করতে হয় ভাইরাসের দুর্বল অংশ। সেই লক্ষ্যেই গবেষণাগারে বার বার পরীক্ষা করা হচ্ছে। খতিয়ে দেখা হচ্ছে গঠন ও পরিবর্তন।