চলমান করোনা পরিস্থিতিতে এবার ভারতে আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ছাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, মোট আক্রান্তের সংখ্যা ৯০ হাজার ৯২৭।
সেইসাথে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১২০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ভারতে করোনায় মৃত্যু সংখ্যা বেড়ে হয়েছে ২৮৭২। এছাড়াও মোট ৩৪ হাজারেরও বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
রবিবার শেষ হচ্ছে তৃতীয় দফার লকডাউন। দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে এবং সেই সঙ্গে করোনার সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের কথা ঘোষণা করেছে কেন্দ্র। পাশাপাশি করোনার সংক্রমণ ঠেকাতে কেন্দ্রের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজ্যগুলোও নানা পদক্ষেপ করছে।
দেশে করোনার সংক্রমণের শুরু থেকেই সবচেয়ে খারাপ পরিস্থিতি মহারাষ্ট্রের। তা সে সংক্রমণের দিক থেকেই হোক বা করোনায় মৃত্যু সংখ্যায়। দেশে মোট করোনা আক্রান্তের এক-তৃতীয়াংশই মহারাষ্ট্রের।
সম্প্রতি দিল্লি এইমসের ডিরেক্টর রণদীপ গুলেরিয়া পূর্বাভাস দিয়েছিলেন, ভারতে জুন-জুলাইয়ে করোনা সংক্রমণ শিখরে পৌঁছবে। চিকিৎসকের আশঙ্কা যে অমূলক নয়, তার প্রমাণ মিলল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে পাওয়া একটি পরিসংখ্যান-রিপোর্টে৷ পুরো দেশের করোনা-পরিস্থিতি বিচার করে এটি তৈরি করেছেন দেশ-বিদেশের বিশিষ্ট চিকিৎসাবিজ্ঞানীরা।

