সম্প্রতি ভারতের বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংঘর্ষের ঘটনায় ভারতের সুপ্রিমকোর্টে পিটিশন দাখিল করেছেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের হাইকমিশনার। এতে বলা হয়েছে ভারতজুড়ে যে বিক্ষোভ চলছে তাতে হস্তক্ষেপ করুক ভারতের শীর্ষ আদালত।
এছাড়াও, ভারতের সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার কমিশনের হাইকমিশনার। জাতিসংঘের মানবাধিকার কমিশনের দপ্তর জেনেভা থেকে সুপ্রিম কোর্টে করা এক আবেদনে সার্বিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে হাইকমিশনার।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেছেন, সংশোধিত নাগরিকত্ব আইন একেবারেই ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটি সংসদে প্রথমে বিল আকারে পেশ হওয়ার পর আইন আকারে পাস হয়েছে।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে, দেশের সার্বভৌমত্ব নিয়ে বাইরের কেউ কিছু বলবে না।
রবিশ কুমার আরও বলেন, জাতিসংঘের মানবাধিকার কমিশন যে উদ্যোগ নিয়েছে তা একেবারেই নজিরবিহীন ঘটনা। অতীতে এরকম কখনো হয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, ভারতের প্রতিবেশী দেশগুলোতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে। তাদের আশ্রয় দিতে ভারতের অধিকার রয়েছে।
এ ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশন কোনোভাবেই নাক গলাতে পারে না। তাছাড়া যে আইন সংসদে পেশ হয়েছে তার সাংবিধানিক বৈধতাও খতিয়ে দেখেছে দেশের সর্বোচ্চ আদালত। সুতরাং জাতিসংঘ কমিশনের উচিত তাকে সম্মান জানানো।
সূত্র: দ্য ওয়াল।

