ভারতের উত্তরপ্রদেশে সরকার পরিচালিত একটি পাওয়ার প্ল্যান্টে বয়লার বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও শতাধিক মানুষ আহত হয়েছে।
আজ বুধবার বিকালে রায়বরেলির উঁচাহারের এনটিপিসি ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্ল্যান্টে এ দুর্ঘটনা ঘটেছে। সদ্য সংযুক্ত ষষ্ঠ ইউনিটের বয়লার পাইপ বিস্ফোরণের পর বিশাল আকারের অগ্নিগোলক বাইরে বেরিয়ে আসে।
এ ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন উদ্ধারকর্মীরা। তাদের ধারণা, এখন অনেকে দুর্ঘটনার শিকার ইউনিটের ভেতরে আটকা পড়ে আছেন। আহতদের বেশিরভাগই অগ্নিদগ্ধ। আহতদের এনটিপিসি প্রাঙ্গণে অবস্থিত হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গুরুতর আহতদের প্রায় ১১০ কিলোমিটার দূরে লক্ষনৌয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রচণ্ড ধূলার কারণে উদ্ধার কাজ কঠিন হয়ে পড়েছে বলে জানায় এনডিটিভি।
