ভারতে একদিনেই করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্তে হয়েছেন ৬ হাজার ৭৬৭ জন। মারা গেছেন ১৪৭ জন। ২৪ ঘণ্টায় আক্রান্তের হিসেবে এটি সর্বচ্চো।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬৫৭ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে।
এখন পর্যন্ত ভারতে মোট আক্রান্ত ১ লাখ ৩১ হাজার ৯২০ জন। এই ভাইরাসে সংক্রমণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত মারা গেছেন ৩ হাজার ৮৬৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫৪ হাজার ৪৪১ জন।
দেশটিতে সবচেয়ে বেশি উদ্বেগজনক অবস্থা বিরাজ করছে মহারাষ্ট্রে। এখনও পর্যন্ত সে রাজ্যে ৪৭ হাজার ১৯০ জন আক্রান্ত হয়েছে, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৭৭ জনের। মহারাষ্ট্রের পাশাপাশি তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, রাজস্থানের পরিস্থিতিও দিন দিন অবনতি হচ্ছে। তামিলনাড়ুতে সাড়ে ১৫ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়া পশ্চিমবঙ্গের আক্রান্তের সংখ্যা বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, এ রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩ হাজার ৪৫৯। মৃত্যু হয়েছে ২৬৯ জনের। যদিও রাজ্য সরকারের হিসেবে মৃতের সংখ্যা ১৯৭।

