ভারতে শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের আইন হচ্ছে




গতকাল শনিবার দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভায় এ-সংক্রান্ত জরুরি নির্বাহী আদেশ সই হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়।
গত জানুয়ারিতে জম্মু ও কাশ্মিরের কাঠুয়ায় যাযাবর সম্প্রদায়ের আট বছরের এক শিশুকে অপহরণ করে মন্দিরে আটকে রেখে সাত দিন ধরে ধর্ষণের পর হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই মন্দিরের পরিচালক এবং চার পুলিশ সদস্যসহ মোট আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ মাসের শুরুর দিকে অভিযুক্তদের মুক্তির দাবিতে জম্মুর হিন্দু অধিকার রক্ষাকারী কয়েকটি সংগঠন বিক্ষোভ আরম্ভ করলে ভারত জুড়ে নিন্দার ঝড় উঠে।
যার পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে নারী ও শিশু উন্নয়ন বিষয়ক ইউনিয়ন মন্ত্রী মানেকা গান্ধী মন্ত্রিসভায় এই প্রস্তাব পেশ করেন।
উল্লেখ্য, ভারতে এতদিন শিশু ধর্ষণের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বনিম্ন শাস্তি ছিল সাত বছরের কারাদণ্ড।
মোদি সরকার চলতি বছরের শুরু পর্যন্ত শাস্তি বাড়ানোর বিপক্ষে ছিল। জানুয়ারিতে কেন্দ্রীয় আইন কর্মকর্তা সুপ্রিম কোর্টকে জানিয়েছিলেন, ‘মৃত্যুদণ্ডই সবকিছুর জবাব হতে পারে না।’