ভারতে স্বর্ণ আমদানিতে মন্দাভাব



অভ্যন্তরীণ চাহিদার সিংহভাগ আন্তর্জাতিক বাজার থেকে আমদানির মাধ্যমে পূরণ করে ভারতীয় স্বর্ণ আমদানিকারক ও ব্যবসায়ীরা। চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) আন্তর্জাতিক বাজার থেকে ভারতে মূল্যবান ধাতুটির আমদানি আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কমেছে।
মূল্যবান ধাতুর বাজারবিষয়ক পরামর্শক প্রতিষ্ঠান জিএফএমএসের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের জানুয়ারি-জুন সময়ে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ৩১৮ টনের সামান্য বেশি স্বর্ণ আমদানি করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৮ শতাংশ কম। এক বছরের ব্যবধানে জানুয়ারি-জুন সময়ে দেশটিতে ৪৪ টন কম স্বর্ণ আমদানি হয়েছে।
এদিকে মাসভিত্তিক হিসাবে, সর্বশেষ জুনে আন্তর্জাতিক বাজার থেকে ভারতীয় আমদানিকারকরা সব মিলিয়ে ৫৮ দশমিক ৯ টন স্বর্ণ আমদানি করেছে। এক বছরের ব্যবধানে দেশটিতে মূল্যবান ধাতুটির আমদানি ২৫ শতাংশ কমেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
আন্তর্জাতিক বাজারে চলতি বছরের প্রথম ছয় মাসে স্বর্ণের দাম তুলনামূলক কমতির দিকে রয়েছে। এ ধারাবাহিকতায় ভারতের বাজারেও মূল্যবান ধাতুটির দাম কমে গিয়ে চাহিদা বাড়বে বলে আশা করা হয়েছিল। তবে বাস্তবে উল্টো চিত্র দেখা গেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের বাড়তি দাম ও চীন-যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য বিরোধের ঝুঁকির মুখে ভারতীয় রুপির বড় ধরনের দরপতন ঘটেছে। এ পরিস্থিতি ভারতের বাজারে স্বর্ণের দাম বাড়িয়েছে। এর জের ধরে দেশটিতে মূল্যবান ধাতুটির চাহিদা রয়েছে তুলনামূলক কম। এ কারণে আন্তর্জাতিক বাজার থেকে দেশটিতে স্বর্ণ আমদানি কমিয়ে দিয়েছেন ভারতীয় আমদানিকারকরা।