ভারত থেকে চমক নিয়ে ফিরলেন ফারুকী



মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা মানেই যেন বাড়তি আকর্ষণ। বাংলাদেশের চলচ্চিত্র এ নির্মাতা সবসময়ই দর্শকদের জন্য একটু আলাদা কিছু রাখেন। এবারও এর ব্যতিক্রম ঘটেনি।

গত মার্চ মাসে মুম্বাই গিয়েছিলেন ফারুকী। তিনি তাঁর নতুন ছবির জন্য চুক্তিবদ্ধ করিয়েছেন নওয়াজ উদ্দিন সিদ্দিকিকে। শুধু অভিনেতা হিসেবে নয়, প্রযোজক হিসেবেও থাকছেন বলিউড এই অভিনেতা। এই ছবিতে বেশ কয়েকজনের প্রযোজকদের মধ্যে প্রযোজক হিসেবে নুসরাত ইমরোজ তিশার আত্মপ্রকাশ ঘটেছে।

ফারুকীর নতুন এই সিনেমাটি প্রথম ইংরেজি ভাষার চলচ্চিত্র। এ বছরের শেষের দিকে ছবিটির শুটিং শুরু করবেন তিনি। বেশিরভাগ শুটিং হবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ও বাকি অংশের শুটিং হবে বাংলাদেশ, ভারত ও অস্ট্রেলিয়ায়।

পৃথিবীতে চলমান অভিবাসন, নানা ইস্যুকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক যে ঘটনা সেসবের অনুপ্রেরণা নিয়ে ছবিটি তৈরি করা হবে বলে জানা গিয়েছে। এই ছবির অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুজন অভিনেতা। খুব শীঘ্রই তাঁদের নাম জানানো হবে। ইংরেজির পাশাপাশি সংলাপ থাকবে বাংলায়, উর্দু ও হিন্দি ভাষায়।

এই সিনেমার সাথে যুক্ত হওয়া নওয়াজ উদ্দিন সিদ্দিকী জানান, সিনেমার চিত্রনাট্য পড়ার পর থেকেই এটি মনে গেঁথে যায়। তাঁর মতে, কিছু সিনেমা আছে যেগুলো অবশ্যই নির্মাণ করা উচিত। আর এটা এমনই একটি সিনেমা।

নওয়াজ উদ্দিন, তিশা ছাড়াও ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের স্কোয়ার গ্রুপের অঞ্জন চৌধুরী ও মোস্তফা সরওয়ার ফারুকী নিজে। তাঁর পরিচালিত সর্বশেষ সিনেমা ‘ডুব’- এ অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ইরফান খান।