ভারত পৌঁছেছেন ট্রাম্প



ভারত পৌঁছেছেন ট্রাম্প

প্রথমবারের মতো রাষ্ট্রীয় সফরে ভারত পৌঁছেছেন  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ সোমবার সকাল পৌনে ১২ টায় গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দরে অবতরণ করে ট্রাম্পকে বহনকারী বিমান ‘এয়ারফোর্স ওয়ান’।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গুজরাট দিয়েই এই সফর শুরু করবেন ট্রাম্প। সেখানে একটি ক্রিকেট স্টেডিয়ামে ভাষণ দেবেন তিনি। এরপরেই ট্রাম্প যাবেন আগ্রার তাজমহল দেখতে। এরপর দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করবেন তিনি।

গত পাঁচ বছরে মোদির সঙ্গে ট্রাম্পের ৮বার দেখা হয়েছে। দু’জনই দু’জনকে প্রকৃত বন্ধু বলে সম্বোধন করলেও একে অন্যের ওপর নতুন করে শুল্ক চাপিয়েছেন, বাদ দিয়েছে বিশেষ সুবিধাগুলো। ফলে বাণিজ্য চুক্তিগুলো আলোর মুখ দেখেনি।

যুক্তরাষ্ট্র ভারতের অন্যতম প্রধান বাণিজ্যিক অংশীদার দেশ। ২০১৮ সালে দু’দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১৪২ দশমিক ৬ বিলিয়ন ডলার। গত কয়েক বছরে দু’দেশের মধ্যে রাজনৈতিক এবং কৌশলগত সম্পর্ক অনেক এগিয়ে গেলেও বাণিজ্যিক ইস্যুতে এখনও সমস্যা রয়েই গেছে।

গত ১ ফেব্রুয়ারি ঘোষিত বাজেটে চিকিৎসা সরঞ্জামসহ যুক্তরাষ্ট্রের বেশ কিছু পণ্যে বাড়তি আমদানি শুল্ক বসিয়েছে ভারত। অ্যামাজনের মতো মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠানের বিষয়ে কড়া অবস্থান নিয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়।

এসব কারণে ভারত পরিস্থিতি আরও কঠিন করে তুলেছে বলে দাবি করেছে ট্রাম্প প্রশাসনের। এছাড়া ভারতের রক্ষণশীলতাও বাধা হয়েছে দাঁড়িয়েছে বাণিজ্য চুক্তিতে। মতপার্থক্য বেড়েছে ই-কমার্স, ডিজিটাল ক্ষেত্রেও। ভারতের যুক্তি, যুক্তরাষ্ট্র নিজেরা ছাড় না দিয়ে বাণিজ্যের পরিধি বাড়াতে চাইছে। আর মার্কিন কর্মকর্তাদের মতে, বাণিজ্য চুক্তির জন্য ভারসাম্য দরকার।

এ নিয়ে দু’দেশের মধ্যে বিস্তর আলোচনা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত তারা কেউই ঐক্যমতে পৌঁছাতে পারেনি। ট্রাম্পের ভারত সফরের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় লিখেছেন, ভারত আপনার অপেক্ষায় আছে। খুব শিগগিরই আহমেদাবাদে দেখা হচ্ছে।

উল্লেখ্য ট্রাম্প তার সফরের আগে এক টুইট বার্তায় লিখেছেন, মেলানিয়াকে নিয়ে ভারতের উদ্দেশে যাত্রা। এই সফরে তার সঙ্গে থাকবেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প, মেয়ে ইভাংকা ট্রাম্প এবং তার স্বামী জেয়ার্ড কুশনার। আহমেদাবাদে তাদের স্বাগত জানাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।