ভিনগ্রহীদের ঠেকাতে নাসার চাকরি চাইল ৯ বছরের বালক




সম্প্রতি নাসা মহা সমারোহে পৃথিবীর পাহারাদার খুঁজছিল মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। এ চাকরির বেতন ধরা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৪০৬ ডলার থেকে ১ লাখ ৮৭ হাজারের মধ্যে। এমন লোভনীয় চাকরি পেতে যে লম্বা লাইন পড়বে, তাও প্রত্যাশিতই ছিল। কিন্তু এমন চমক যে অপেক্ষায় রয়েছে, তা বোধহয় ঘুণাক্ষরেও ভাবতে পারেনি নাসা।
চাকরির আবেদনপত্রগুলো খুলতে গিয়ে চক্ষু চড়কগাছ। নড়বড়ে বাঁকাচোরা হাতের লেখায় এক পাতার একটি চিঠি। পড়তে গিয়ে দেখা গেল চিঠিটি লিখেছে জ্যাক ডেভিস নামে নয় বছরের এক বালক। অন্যান্যদের মত সেও ‘প্ল্যানেটারি প্রোটেকশন অফিসার’ পোস্টের দাবিদার।
জ্যাকের বোন নাকি তাকে আদর করে এলিয়েন বা ভিনগ্রহী বলে ডাকে। নাসাকে সে জানিয়েছে, ‘মেন ইন ব্ল্যাক’এর মতো একাধিক এলিয়েন ফিল্ম সে দেখেছে। জানে আয়রনম্যান-হাল্কদের তৈরি ‘শিল্ডস’ কী ভাবে ভিনগ্রহীদের থেকে পৃথিবীকে রক্ষা করে। এমনকী তার বয়স কম হওয়ায় এলিয়েনের মতো ভাবতে তার সুবিধাই হবে। চিঠির শেষে নিজেকে ‘গার্ডিয়ান অব দ্য গ্যালাক্সি’ বলে উল্লেখও করেছে জ্যাক।
জ্যাক ডেভিসের চিঠির উত্তরও দিয়েছে নাসা। তার পদক্ষেপকে দুর্দান্ত বলে আখ্যা দিয়েছে তারা। জ্যাককে লেখা ওই চিঠিতে নাসার তরফে জানানো হয়েছে, ভাল করে পড়াশোনা করে জ্যাক পরবর্তীতে নাসায় যোগদান করলে তারা খুশিই হবে।