ভোট দিলেই মিলবে ছাড়!



সবকিছুতেই ছাড়! সত্যি, ভারতের লোকসভা নির্বাচন উপলক্ষ্যে রেস্টুরেন্ট থেকে শুরু করে মোটরবাইক কোম্পানিও ছাড় দিচ্ছে। শর্ত একটাই ভোট দিতে হবে।

অন্যান্য বারের তুলনায় এবারের লোকসভা নির্বাচন অনেকটাই আলাদা। রাজনৈতিক দলগুলোর দেয়া ব্যতিক্রম প্রতিশ্রুতি নির্বাচনের পরিবেশে ভিন্নতা এনেছে।

নির্বাচনকে ঘিরে ভোটারদের উৎসাহিত করতে সরকার থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠান তৎপর হয়ে উঠেছে।
ভোটারদের উৎসাহ দিতে এবার মাঠে নেমেছে ম্যাকডোনাল্ডস, সাবওয়ের মতো খাবার ব্র্যান্ড।

ভোটারদের উৎসাহিত করার জন্য ম্যাকডোনাল্ড, সাবওয়ের মত ব্র্যান্ডগুলো খাবারের বিলে ৩০ শতাংশ ছাড় দিয়েছে। শুধুমাত্র আঙুলে ভোটের কালির দাগটি দেখলেই মিলবে এই ছাড়।

এছাড়া হিরো করপোরেশনের পক্ষ থেকেও রয়েছে অফার। ৫০০ থেকে ৬০০ টাকার বাইক সার্ভিসিং-এর খরচে ছাড় পেতে গেলে দেখাতে হবে সেই আঙুলের দাগ। আর সার্ভিসিং-এর খরচ কমে গিয়ে তা হবে মাত্র ১৯৯ টাকা।

এদিকে গোটা দেশের এগারোটি রাজ্যে ভোটগ্রহণ চলছে। এগারোটি রাজ্যের একটি হচ্ছে তামিলনাড়ু। সেখানে যারা ভোট দিচ্ছে তারা নামি-দামি রেস্টুরেন্টে ৫০ শতাংশ ছাড় পাবে।