মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে বাড়ছে রুশ আধিপত্য




বৈশ্বিক অর্থনীতিকে গতিশীল রাখতে জ্বালানি সম্পদের গুরুত্ব অনেক। আর এ সম্পদের প্রাচুর্যের কারণে আন্তর্জাতিক রাজনীতি ও অর্থনীতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোর বিশেষ গুরুত্ব রয়েছে। ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্কসহ এ অঞ্চলের দেশগুলো মার্কিন প্রভাব বলয়ভুক্ত।
তবে এ অবস্থার পরিবর্তন ঘটছে। নানা কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর ওপর রাশিয়ার প্রভাব ক্রমে বাড়ছে। আর ক্রমবর্ধমান এ প্রভাব রুশ প্রশাসনকে মধ্যপ্রাচ্যের জ্বালানি খাতে আধিপত্যের সুযোগ করে দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আন্তর্জাতিক পরিমণ্ডলে রাশিয়া ইরানের পরীক্ষিত বন্ধু হিসেবে পরিচিত। পারমাণবিক চুক্তি ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বিরোধ প্রকাশ্য রূপ নিয়েছে। তেহরানের বিরুদ্ধে নতুন করে অবরোধ আরোপের চিন্তা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা দেশটির জ্বালানি খাতে চাপ সৃষ্টি করবে। এমন আশঙ্কার মুখে মস্কো-তেহরান সম্পর্ক আরো জোরালো হয়েছে। ইরানে জ্বালানি তেল এবং প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উত্তোলন খাতে বিনিয়োগের ঘোষণা দিয়েছে রুশ জ্বালানি প্রতিষ্ঠান রোজনেফট ও গ্যাজপ্রম।
রোজনেফটের প্রধান নির্বাহী ইগর সেচিন জানান, রুশ জ্বালানি প্রতিষ্ঠানগুলো ইরান সরকারের সঙ্গে ছয়টি পৃথক জ্বালানি চুক্তি করেছে। এসব চুক্তির আওতায় রুশ প্রতিষ্ঠানগুলো দেশটির জ্বালানি খাতে প্রায় ৩ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে। জ্বালানি তেল-গ্যাস অনুসন্ধানের পাশাপাশি ইরানের জ্বালানি খাতের গবেষণা ও উন্নয়নে এ অর্থ ব্যয় হবে। মস্কোভিত্তিক পণ্যবাজার বিষয়ক বিশ্লেষক আলেকজান্ডার সের্গেই বলেন, এসব চুক্তি পশ্চিমা নিষেধাজ্ঞার বিরুদ্ধে ইরানের জ্বালানি খাতের বিকাশে রাশিয়ার পাশে থাকার সুস্পষ্ট বার্তা। এর মধ্য দিয়ে ইরানের সঙ্গে রাশিয়ার বন্ধুত্ব আরো জোরালো হবে। ইরানের জ্বালানি খাতে রুশ প্রভাব আরো বাড়বে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকের জ্বালানি খাতে বিনিয়োগের উদ্যোগ নিয়েছে রুশ প্রতিষ্ঠান রোজনেফট। ইরাকের কুর্দি অধ্যুষিত কিরকুকে জ্বালানি তেল পরিবহনের জন্য পাইপলাইন স্থাপন এবং তা রক্ষণাবেক্ষণে ১৮০ কোটি ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি। ইরাকের জ্বালানি খাতে রাশিয়ার এ প্রকল্পকে কৌশলগত উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা।
আলেকজান্ডার সের্গেই বলেন, ইরাকের কুর্দিস্তানে গণভোটে স্বাধীনতার পক্ষে রায় দিয়েছেন স্থানীয় কুর্দিরা। এ নিয়ে ইরাক সরকারের সঙ্গে কুর্দিদের রাজনৈতিক বিরোধ চলছে। জ্বালানি তেল অধ্যুষিত এ অঞ্চলের চলমান বিরোধে আন্তর্জাতিক পক্ষগুলোর হস্তক্ষেপের আশঙ্কা রয়েছে। এমন পরিস্থিতিতে কুর্দিস্তানে তেলের পাইপলাইন স্থাপনে বিনিয়োগের মাধ্যমে সংশ্লিষ্ট অঞ্চলে আগে থেকেই নিজেদের উপস্থিতি নিশ্চিত করতে চাইছে রাশিয়া। অন্যদিকে সিরিয়া ইস্যুতে দেশটির মিত্র রাশিয়ার সঙ্গে দূরত্ব ঘুচেছে তুরস্কের। দেশটির ভূখণ্ডে জ্বালানি খাতে বিনিয়োগের কথা ভাবছে গ্যাজপ্রম, যা তুর্কি জ্বালানি খাতে রুশ প্রভাব আরো বাড়িয়ে দেবে।
অন্যদিকে চলতি বছর কাতারের বিরুদ্ধে প্রতিবেশী দেশগুলোর অবরোধ আরোপের পর দোহার সঙ্গে সম্পর্ক আরো জোরদার করেছে মস্কো। অবরোধের জেরে কাতারের অর্থনীতি চাপের মুখে রয়েছে। এমন পরিস্থিতিতে দেশটি থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বাড়িয়ে দিয়েছে রাশিয়া।