করোনার প্রকোপে মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে সামাজিক দূরত্ব বজায় রাখা নিয়ে সংঘর্ষে গোপালগঞ্জের মুকসুদপরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সুজন শেখ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) ভোরে মুকসুদপুর উপজেলার বাহারা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজন শেখ মুকসুদপুর উপজেলার বাটিকামারি বাহাড়া পশ্চিমপাড়া গ্রামের মজিবর শেখের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। সেইসাথে একজনকে আটক করা হয়েছে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভুঞা বলেন, বাহারা পশ্চিমপাড়া গ্রামে এশার নামাজ পড়া নিয়ে মজিবর শেখের সাথে মতি মাতুব্বর ও ইব্রাহিম মাতুব্বরের মসজিদে কোন ৫ জন নামাজ পড়বেন এ নিয়ে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে আজ সোমবার ভোরে মসজিদে আবারো ফজরের নামজ পড়তে গেলে দুই পক্ষের মধ্যে আবার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এসময় সুজন শেখ নিহত হন।

