মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুটি আরোহী নারীর মৃত্যু


মহাখালীতে সড়ক দুর্ঘটনায় দুই স্কুটি আরোহী নারীর মৃত্যু

মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর মহাখালী সেতু ভবনের সামনে সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছে। জানা যায় এ সময় ওই দুই নারী স্কুটিতে (ঢাকা মেট্রো হ ২৪-৪২৮৩) ছিলেন। ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সহযোগিতায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বনানী থানা পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দুই নারীর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। যদিও তাদের ব্যবহৃত স্কুটিতে প্রেস লেখা স্টিকার দেখা গেছে। ঢামেকে নেবার পর একজনের অফিসের কার্ডে দেখা গেছে নাম নিহত দুলদানা আক্তার কচি। পার্ল ইন্টারন্যাশনালের টেরিটরি সেলস অফিসার।

বনানী থানার ডিউটি অফিসার মো. ফজল ইসলাম জানান, মহাখালী সেতু ভবনের সামনে স্কুটার চালিয়ে যাওয়ার সময় কোনো যানবাহনের ধাক্কায় স্কুটিতে থাকা দুই নারী ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে তাদেরকে পথচারীরা দ্রুত ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। আমাদের পুলিশ ঘটনাস্থলে আছে। বিস্তারিত এখনো কিছুই জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, ওই দুই নারীর নাম ঠিকানা এখনো জানা যায়নি। তবে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত স্কুটির সামনে সাংবাদিক লেখা ছিল বলে জানিয়েছেন কয়েকজন।