বিজিবি কর্তৃপক্ষ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫ জন নিহতের দায় কোনোভাবেই এড়াতে পারে না বলে মনে করেন কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম। সরকারের এই মানবাধিকার সংস্থাটি বুধবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
জাতীয় মানবাধিকার কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানায় বিজিবি সদস্যদের সঙ্গে স্থানীয় গ্রামবাসীর সংঘর্ষে বিজিবির এক সদস্যসহ পাঁচ জন নিহত হয়েছেন। বিজিবির মতো একটি প্রশিক্ষিত বাহিনীর সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হওয়া এবং এতে একজন বিজিবি সদস্যসহ পাঁচ জনের মৃত্যুর ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন গভীর উদ্বেগ প্রকাশ করছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর। সেখানে গুলি চালানোর মতো পরিস্থিতির উদ্ভব হয়েছিল কিনা এ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হওয়া এবং এ বিষয়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৩ মার্চ খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিজিবি-গ্রামবাসী সংঘর্ষে ৫ জন নিহত হয়। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

